২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সহায়তা স্থগিতে বন্ধ থাই হাসপাতাল ছাড়তে হচ্ছে মিয়ানমারের শরণার্থীদের

সীমান্তের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের লাখ লাখ লোককে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।

মার্কিন সহায়তা স্থগিতে বন্ধ থাই হাসপাতাল ছাড়তে হচ্ছে মিয়ানমারের শরণার্থীদের
থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কাছে মায়ে লা শরণার্থী শিবির। ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দিনকয়েক আগে বিদেশে বেশিরভাগ সহায়তা স্থগিত করার পর থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তে লাখ লাখ শরণার্থীকে চিকিৎসা দেওয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বন্ধের নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। 

বাধ্য হয়ে থাই কর্মকর্তারা এখন কেন্দ্রগুলোর তুমুল অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিচ্ছেন।

স্থানীয় এক কর্মকর্তা ও ক্যাম্প কমিটির দুই সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ক্লিনিকগুলোতে অর্থ দেয়া আইআরসি আগামী ৩১ জানুয়ারি, শুক্রবারের মধ্যে সীমান্তের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বন্ধ করতে বলেছে।

এ প্রসঙ্গে রয়টার্স মন্তব্য চাইলেও আইআরসি তাতে সাড়া দেয়নি।   

কয়েক দিন আগে ট্রাম্প এক নির্দেশে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা থেকে বিদেশে উন্নয়ন সহযোগিতা ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেন; এ সময়ের মধ্যে এসব সহযোগিতা তার “আমেরিকা প্রথম’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হবে। 

তার এ স্থগিতাদেশ বৈশ্বিক সহায়তা খাতকে ব্যাপক অস্থিরতার দিকে ঠেলে দেয়; দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এই খাতে বিপুল অর্থ ঢেলে আসছিল। 

পরে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের স্থগিতাদেশ সত্ত্বেও জীবন-রক্ষাকারী মানবিক ত্রাণ সহায়তা বন্ধ থাকবে না।

তাদের এই ছাড়ে থাই-মিয়ানমার সীমান্তের হাসপাতালগুলো চালু থাকবে কিনা, কিংবা লাখখানেক লোককে আশ্রয় দেওয়া ৯টি ক্যাম্পের কতটি স্বাস্থ্যসেবা কেন্দ্র উপকৃত হবে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সীমান্তের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের লাখ লাখ লোককে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। 

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের থা সং ইয়াং জেলার মায়ে লা ক্যাম্পের শরণার্থী কমিটির সদস্য বুয়েহ সে এবং স্থানীয় এক স্কুলশিক্ষক বুধবার জানান, আইআরসি ইতিমধ্যেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে অনেক রোগীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি তারা গর্ভবতী নারী ও অক্সিজেন ট্যাঙ্কের ওপর নির্ভরশীল শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের সরঞ্জাম ও ওষুধ সরবরাহও বন্ধ করে দিয়েছে।

ক্যাম্পের পানি সরবরাহ ও আবর্জনা নিষ্কাশন ব্যবস্থাপনায় সংস্থাটির সহায়তাও বন্ধ বা সংকুচিত হচ্ছে, বলেছেন তারা। 

হাসপাতালগুলো থেকে ছাড়া পাওয়া রোগীদের অনেক আত্মীয়ই এখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য ‘অক্সিজেন ট্যাঙ্ক খুঁজছেন’, বলেছেন বুয়েহ সে।

আর নাম প্রকাশে রাজি না হওয়া স্কুল শিক্ষক বলেছেন, প্রায় অর্ধশত রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, হার্টে সার্জারির পর সেরে উঠছে এমন এক শিশুসহ কিছু গুরুতর অসুস্থকে এখনো মায়ে লা হাসপাতালে রাখা হয়েছে। 

জনসমক্ষে কথা বলতে অনুমতিপ্রাপ্ত না হওয়ায় নাম বলতে রাজি হননি তিনি। 

“সাধারণত প্রতিদিন এ হাসপাতাল বাইরের ১০০ রোগী নিতো, এখন একজনও না,” বলেছেন তিনি।  

তাক প্রদেশের গভর্নর চুচিপ পংচাই থাই গণমাধ্যমকে বলেছেন, গুরুতর অসুস্থ রোগীদের স্থানীয় প্রাদেশিক হাসপাতালগুলোতে স্থানান্তর করা হবে। 

থাই কর্মকর্তারা আইআরসির কাছে তাদের যন্ত্রপাতি ব্যবহারের অনুমতিও চেয়েছেন, জানিয়েছেন তিনি। 

থা সং ইয়াং হাসপাতালের পরিচালক ড. তাওয়াতচাই ইংতাউইসাক বলেছেন, রোগীদের অবস্থা খতিয়ে দেখতে তিনি শরণার্থী শিবিরে যাচ্ছেন। 

“কোন কোন রোগী বাড়ি যেতে পারবেন, কাদের অক্সিজেন এবং অন্যান্য সহায়তা লাগবে তা পর্যালোচনা করতে হবে,” ফোনে রয়টার্সকে এমনটাই বলেছেন তিনি।  

সহায়তা স্থগিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে শরণার্থী ক্যাম্পগুলোর মৌলিক স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হবে এমন উদ্বেগ বাড়ছে, বলেছেন দক্ষিণ মিয়ানমারের সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশন অব মোনল্যান্ডের (হারফম) প্রকল্প পরিচালক নাই অয়ে মোন। 

“প্রতিদিনের স্বাস্থ্যসেবায় এ শরণার্থীরা ওই সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল, এ কারণেই এটি (মার্কিন সিদ্ধান্ত) ভীতিকর,” বলেছেন তিনি।