ট্রাম্পের শুল্ক: পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা মেক্সিকোরও
শূকরের মাংস, চিজ, টাটকা ফল-সবজি, প্রক্রিয়াজাত ইস্পাত ও অ্যালুমিনিয়ামসহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে দেশটি, জানিয়েছে একাধিক সূত্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টায় কানাডার পাশাপাশি মেক্সিকোও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সব পণ্যের ওপর শনিবার থেকে ট্রাম্পের দেওয়া ২৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে; এর প্রতিক্রিয়ায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বসানোর নির্দেশ দিয়েছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বড়সড় এক পোস্টে শেইনবাউম বলেছেন, তার সরকার উত্তর আমেরিকায় মেক্সিকোর শীর্ষ বাণিজ্য অংশীদারের সঙ্গে সংঘাত নয়, আলোচনাই চেয়েছিল, কিন্তু মেক্সিকোকে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে।
“মেক্সিকোর স্বার্থ সুরক্ষায় শুল্ক এবং শুল্ক বহির্ভূত নানান পদক্ষেপ মিলিয়ে যে প্ল্যান বি নিয়ে আমরা কাজ করছিলাম, তা বাস্তবায়নে আমি অর্থনীতি বিষয়ক মন্ত্রীকে নির্দেশনা দিয়েছি,” পোস্টে এমনটাই বলেছেন তিনি।
মেক্সিকোর প্রেসিডেন্ট অবশ্য তার পাল্টা ব্যবস্থার খড়্গ কোন কোন মার্কিন পণ্যের ওপর পড়বে তা খোলাসা করেননি।
তবে এই বিষয়ে অবগত একাধিক সূত্র রয়টার্সকে বলেছে, শূকরের মাংস, চিজ, টাটকা ফল-সবজি, প্রক্রিয়াজাত ইস্পাত ও অ্যালুমিনিয়ামসহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো।
প্রাথমিকভাবে মোটরগাড়ি শিল্পকে এ তালিকার বাইরে রাখা হতে পারে, বলেছে তারা।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মেক্সিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার; ২০২৩ সালে চীনকে ছাড়িয়ে মার্কিন রপ্তানির শীর্ষ গন্তব্যস্থলও হয়ে উঠেছে শেইনবাউমের দেশ।
মেক্সিকোর অর্থনীতি বিষয়ক মন্ত্রী মার্সেলো এবরার্দ এক্সে লিখেছেন, ট্রাম্পের শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার চুক্তির ‘নিদারুণ লঙ্ঘন’।
“প্ল্যান বি চলমান, আমরাই জিতবো,” বলেছেন তিনি।
মেক্সিকো ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৩২২ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করেছে। ওই একই বছর যুক্তরাষ্ট্র দেশটি থেকে যে পরিমাণ পণ্য আমদানি করেছে তার মূল্যও ৪৭৫ বিলিয়ন ডলারের বেশি।
মেক্সিকোর মোট দেশজ উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর সরাসরি নির্ভরশীল, এক্সে এমনটাই বলেছেন গ্রুপ ফাইন্যান্সিয়েরো বেইজের অর্থনৈতিক বিশ্লেষণ পরিচালক গেব্রিয়েলা সিলার।
“যদি সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক থাকে, তাহলে মেক্সিকোর রপ্তানি আনুমানিক ১২ শতাংশের মতো কমে যাবে। আর যদি শুল্ক বছরব্যাপী কার্যকর থাকে তাহলে ২০২৫ সালে মেক্সিকোর জিডিপিও ৪ শতাংশ কমে যেতে পারে,” বলেছেন তিনি।
মেক্সিকোর সরকারের সঙ্গে মাদক চোরাকারবারিদের যোগ আছে, হোয়াইট হাউজের এমন অভিযোগকে ‘অপবাদ’ অ্যাখ্যা দিয়ে খারিজ করে দিয়েছেন শেইনবাউম।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, শুল্ক আরোপের পক্ষে সাফাই গাইতেই এমন অপবাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও তার ভাষায় ‘অনিয়ন্ত্রিত অভিবাসীদের’ প্রবেশ ঠেকাতে মেক্সিকোর ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এ কারণেই প্রতিবেশী দেশটির ওপর শুল্ক আরোপ করছেন তিনি।
অন্যদিকে শেইনবাউম বলছেন, গেল অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর তার সরকার এখন পর্যন্ত ফেন্টানিলের ২ কোটি ডোজ জব্দ করেছে, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এক লাখের বেশি মানুষকে আটক করেছে।
মেক্সিকোর ক্ষমতাসীন দলের কংগ্রেস নেতা রিকার্ডো মোনরিয়েলও মার্কিন শুল্ক আরোপের কড়া সমালোচনা করেছেন।
“স্বাধীন হওয়ার মেক্সিকোর ওপর যত মারাত্মক আক্রমণ হয়েছে, ট্রাম্পের শুল্ক তার একটি,” সম্প্রচারমাধ্যম মিলেনিওকে এমনটাই বলেছেন তিনি।
আরও পড়ুন:
