চীনের বন্যাকবলিত গুয়েইঝোতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভারি বৃষ্টি
এ দুর্যোগের পর এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শহরটির বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের বন্যাকবলিত গুয়েইঝো প্রদেশে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারি বৃষ্টি হয়েছে, এতে বন্যায় ক্ষতিগ্রস্ত নদীতীরবর্তী রোংজিয়াং শহর আবার অর্ধ-নিমজ্জিত হয়ে পড়েছে।
শনিবারের এ দুর্যোগের পর এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শহরটির বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন লাখ বাসিন্দার শহর রোংজিয়াং তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এর আগে গত সপ্তাহে রেকর্ড বৃষ্টিতে শহরটি ডুবে গিয়ে ছয়জনের মৃত্যু ও ৮০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ওই সময় ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে টানা বৃষ্টি হয়েছিল যা শহরটিতে জুন মাসে হওয়া বৃষ্টিপাতের গড়ের দ্বিগুণ ছিল।
ফের ভারি বৃষ্টিতে আবার নতুন করে বন্যা দেখা দেওয়ার পর কর্তৃপক্ষ শনিবার শহরটির জরুরি বন্যা সাড়ার স্তর বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়।
শহর সংলগ্ন নদীগুলোর মধ্যে একটির পানির স্তর স্থানীয় সময় বিকাল ৫টার দিকে বিপৎসীমার ২ মিটার উপর দিয়ে বইছিল, জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি।
সিসিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে জরুরিভিত্তিতে শহরটির ৪০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
গত সপ্তাহে প্রবল বৃষ্টির পর এই নদীটির পানির স্তর ২৫৬ দশমিক ৭ মিটার উচ্চতায় উঠে গিয়েছিল। শুক্রবার রয়টার্সকে গুয়েইঝো প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানায়, নদীটির পানির স্তর ১৯৫৪ সালের পর থেকে ওই সময়ই সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল। প্রাদেশিক সরকার ওই বিবৃতিতে বন্যার জন্য ‘চরম আবহাওয়াকে’ দায়ী করেছে।
গত দুই দিন ধরে চীনের দক্ষিণাঞ্চলীয় ইউননান, গুইঝোউ, গুয়াংশি এবং হাইনান প্রদেশের ১৩টি প্রধান নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছিল।
