১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে জিতে ফের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ক্ষমতায় আছে।

নির্বাচনে জিতে ফের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। ছবি: রয়টাসর্

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 12:31 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। 

রোববার দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয় মধ্যরাত পার হওয়ার পর সোমবার প্রথম প্রহরে। 

দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানান, গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। 

ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মাদুরো বলেছেন, “শান্তি ও স্থিতিশীলতার জয় হয়েছে।” 

তিনি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা নয়শরও বেশি পর্যবেক্ষকের প্রশংসা করেছেন আর যারা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে তাদের নিন্দা জানিয়েছেন। 

মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। এর শুরুটা হয়েছিল প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাভেজের মধ্য দিয়ে। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালে ক্যান্সারে মারা যান চ্যাভেজ। 

তারপর থেকে টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন সাবেক বাস চালক মাদুরো (৬১) । তিনি চ্যাভেজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। 

বিবিসি বলছে, তাদের শাসনে পিএসইউভি দেশটির নির্বাহী ও আইনসভার পাশাপাশি বিচার বিভাগের ওপরও নিয়ন্ত্রণ লাভ করে। 

অনেক ভোটার বিবিসিকে জানিয়েছেন এবারের নির্বাচনের মাধ্যমে তারা একটি পরিবর্তন দেখতে চেয়েছিলেন। 

আল জাজিরা জানিয়েছে, সিএনই প্রেসিডেন্ট নির্বাচনের যে ফলাফল ঘোষণা করেছে তা বেশ কয়েকটি বুধ ফেরত জরিপের বিপরীত, ওই জরিপগুলোতে বিরোধীদলীয় প্রার্থী গনসালেস জয় পাচ্ছেন এমন ধারণা পাওয়া যাচ্ছিল।   

ভেনেজুয়েলার বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গনসালেস। ছবি: রয়টার্স 

ভেনেজুয়েলার বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গনসালেস

ভেনেজুয়েলার প্রধান বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত হওয়ার পর বিরোধীদলীয় জোটের প্রার্থী হিসেবে গনসালেসকে মনোনীত করা হয়। তিনি জয়ী হলে ভেনেজুয়েলায় টানা ২৫ বছর ধরে চলা সমাজতান্ত্রিক দলের শাসনের অবসান ঘটত। 

নির্বাচনের ঘোষিত ফলাফল নিয়ে ইতোমধ্যে ভেনেজুয়েলার বিরোধীদলগুলো অসন্তোষ প্রকাশ করে এর বিরোধিতা করেছে। তারা নির্বাচন কাউন্সিলের ঘোষণাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে। বিরোধীদলগুলো এই ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। 

তবে তারপরও মাদুরোই ক্ষমতায় থেকে যেতে সক্ষম হবেন এবং আরও ছয় বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন বলে ধারণা বিশ্লেষকদের।