ধর্মঘটে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বন্দরের কর্মীরা
বেতন নিয়ে বিরোধের কারণে রোববার থেকে আট দিনের এ ধর্মঘট শুরু করেছে কনটেইনার বন্দর ফিলিক্সস্টোর ইউনাইট শ্রমিক ইউনিয়নের প্রায় ১,৯০০ সদস্য।
যুক্তরাজ্যে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ধর্মঘট শুরু করেছে সবচেয়ে বড় কনটেইনার বন্দর ফিলিক্সস্টোর কর্মীরা।
বেতন নিয়ে বিরোধের কারণে রোববার থেকে আট দিনের এ ধর্মঘটে নেমেছে ইউনাইট শ্রমিক ইউনিয়নের প্রায় ১,৯০০ সদস্য।
বিবিসি জানায়, ফিলিক্সটো ডক এবং রেলওয়ে কোম্পানি পরিচালিত বন্দর কর্তৃপক্ষ কর্মীদের বেতন ৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
কিন্তু সেটি পর্যাপ্ত নয় বলে জানিয়ে দিয়েছে শ্রমিক ইউনিয়ন। তারা বলছে, মুদ্রাস্ফীতির তুলনায় বেতন বৃদ্ধির পরিমাণ কম।
ইউনাইট শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কার্যালয় থেকে এক কর্মকর্তা বলেছেন, রোববার সকালে খুব শ্রমিকই কাজে এসেছে। ধর্মঘট শুরু হয়েছে সকাল ৬ টা থেকে। এতে জনগণের ব্যাপক সমর্থনও পাওয়া যাচ্ছে।
তবে বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র পল ডেভি এ ধর্মঘটকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ফিলিক্সস্টো বন্দরের কর্মীদের গড় বেতন ৪৩ হাজার পাউন্ড। তাদের বেতন আরও ৭ শতাংশ বাড়ানোসহ এককালীন ৫০০ পাউন্ড বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ প্রস্তাব অনুযায়ী, বন্দরের কর্মীদের ক্যাটাগরির ভত্তিতে ৮ দশমিক ১ থেকে ৯ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হচ্ছে, আর এমন এক সময়ে এটি করা হচেছ যখন দেশে গড় বেতন বৃদ্ধি মাত্র পাঁচ শতাংশ।
পল ডেভি বলেন, “আমাদের অর্থনীতি সঙ্কুচিত হচ্ছে। আমরা মন্দার দিকে যাচ্ছি। সে অনুযায়ী তাদেরকে দেওয়া এ প্রস্তাব যথেষ্ট ভাল বলেই আমি মনে করি।”
যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ততম ফিলিক্সস্টো বন্দরে ২ হাজার ৫৫০ শ্রমিক কাজ করে। দেশটির মোট কন্টেইনার বাণিজ্যের ৪৮ শতাংশই এ বন্দর দিয়ে হয়।
ধর্মঘটে শামিল হয়েছে ক্রেন চালক থেকে শুরু করে মেশিন অপারেটর এবং জাহাজ থেকে মাল ওঠানো-নামানোর কাজে নিয়োজিত কর্মীরা।
প্রধান শিপিং গ্রুপ মার্স্ক সতর্ক করে দিয়ে বলেছে, এই ধর্মঘটের ফলে পন্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং জাহাজ চলাচলে বিলম্বের আশঙ্কা করছে তারা। এতে ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তবে ট্রেড অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিবিসি-কে বলেছেন, ধর্মঘট ৮ দিনের বেশি চললে বন্দরটি যারা ব্যবহার করছে, তারা বিকল্প পন্থায় পণ্য সরবরাহের পথ খুঁজবে। অন্যান্যরা ইতোমধ্যেই বিকল্প রুটের পরিকল্পনা করছে জানিয়ে তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটবে না বলেই আমরা মনে করছি।”
