২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে এসে তোপে ফরাসি মন্ত্রী

সাদা রঙের পোশাকে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে মন্ত্রী মাহলেন শিপ্পাকে। ছাপা হয়েছে একটি সাক্ষাৎকারও।

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে এসে তোপে ফরাসি মন্ত্রী

মাহলেন শিপ্পা। ছবি রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 08:50 PM

Updated : 03 Apr 2023, 08:50 PM

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদ পাতার মডেল হয়ে তোপে পড়েছেন ফরাসি মন্ত্রী মাহলেন শিপ্পা। এমনকী নিজ দলেই তুমুল সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

কেবল শিপ্পার ছবি প্লেবয়ের প্রচ্ছদে এসেছে তাই নয়, বরং ১২ পাতার একটি সাক্ষাৎকারও ছাপা হয়েছে। যেখানে তিনি নারী এবং এলজিবিটিদের অধিকার নিয়ে কথা বলেছেন।

২০১৭ সাল থেকে ফ্রান্স সরকারের একজন মন্ত্রী হিসেবে কাজ করছেন শিপ্পা। বর্তমানে তিনি সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশন বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি দীর্ঘদিন ধরে নারী অধিকারের পক্ষে কাজ করছেন। ২০১৭ সালে তিনিই প্রথম ফ্রান্সের লিঙ্গ সমতা মন্ত্রী হন।

ওই সময় সড়কে নারীদের যৌন হয়রানি বন্ধে তার নেতৃত্বে নতুন একটি আইন পাস হয়। যে আইনে রাস্তায় নারীদের ‘ক্যাটকল’ হয়রানি বা অনুসরণকারী পুরুষদের ঘটনাস্থলেই জরিমানা করার ব্যবস্থা রাখা হয়। যে কারণে তিনি প্রশংসিত হয়েছিলেন।

কিন্তু সাদা রঙের পোশাকে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি এবার সমালোচনার ঝড় তুলেছে। তার সমালোচনাকারীদের দলে ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নও রয়েছেন।

বোর্ন ম্যাগাজিনের প্রচ্ছদ দেখিয়ে শিপ্পাকে বলেন, ‘এটা ঠিক হয়নি। বিশেষ করে এই সময়ে’। প্রধানমন্ত্রী বোর্নর ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে সহযোগী প্রতিষ্ঠান বিএফএসটিভি শনিবার এ খবর প্রচার করে বলে জানায় সিএনএন।

সাধারণ জনগণের ব্যাপক বিরোধিতা ও গণবিক্ষোভের পরও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার বিতর্কিত পেনশন বিল নিয়ে অনড় অবস্থান গ্রহণ করায় বর্তমানে ইউরোপের দেশটিতে রাজনৈতিক ও সামাজিক সংকট দেখা দিয়েছে।

এ সপ্তাহে ম্যাক্রোঁ শিশুদের ম্যাগাজিন ‘পিফ গ্যাজেট’ এ একটি সাক্ষাৎকার দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শিপ্পা এবং ম্যাক্রোঁ উভয়ের সমালোচনা করে এক টুইটে দেশটির বিরোধী রাজনীতিবিদ জ্যঁ লুৎ মেলশুঁ বলেন, ‘‘যে দেশে প্রেসিডেন্ট নিজেকে পিফ-এ  এবং তার মন্ত্রী নিজকে প্লেবয়-এ প্রকাশ করেন, সেখানে বিরোধীদের সমস্যা হবে। ফ্রান্স নিজের পথ থেকে সরে যাচ্ছে।”

শনিবার শিপ্পা টু্ইটারে এক পোস্টে তার সমালোচনাকারীদের জবাব দিয়েছেন। তিনি লেখেন, ‘‘নিন্দাকারী ও ভণ্ডদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, সর্বত্র এবং সর্বদাই নারীদের তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কথা বলা হয়েছে। ফ্রান্সে নারীরা স্বাধীন।”

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী শিপ্পার পক্ষ নিয়ে বলেন, ‘‘আমি বলতে চাই, মাহলেন শিপ্পা একজন সাহসী নারী রাজনীতিবিদ। যার চরিত্র আছে এবং নিজস্ব ধরণ আছে। যদিও আমি তার মত না, কিন্তু আমি তাকে সম্মান করি।”