২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহে শ্রীলংকায় ফিরছেন গোটাবায়া রাজাপাকসে

শ্রীলংকায় গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া গোটাবায়া রাজাপাকসে গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে একটি চার্টাড ফ্লাইটে থাইল্যান্ডে যান।

রয়টার্স

Published : 17 Aug 2022, 05:27 PM

Updated : 17 Aug 2022, 05:27 PM

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আগামী ২৪ অগাস্টে দেশে ফিরছেন।

রাশিয়ায় নিযুক্ত শ্রীলংকার সাবেক রাষ্ট্রদূত উদয়ানগা বীরাতুঙ্গার বরাত দিয়ে স্থানীয় সম্প্রচারমাধ্যম নিউজফার্স্ট বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

শ্রীলংকায় গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া গোটাবায়া রাজাপাকসে গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে একটি চার্টাড ফ্লাইটে থাইল্যান্ডে যান।

এর আগে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সিঙ্গাপুরেই ছিলেন তিনি। সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। পরে তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যান।

সিঙ্গাপুরে যাওয়ার পর ইমেইলে পদত্যাগপত্র শ্রীলংকায় পাঠিয়েছিলেন গোটাবায়া। সপ্তাহ কয়েক সিঙ্গাপুরে থাকার পর তার থাইল্যান্ডে পৌঁছার কথা জানান তিন প্রত্যক্ষদর্শী।

মাঝপথে দায়িত্ব ছাড়া প্রথম এ লঙ্কান প্রেসিডেন্টের থাইল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ইচ্ছা নেই এবং তিনি স্বল্প সময় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে থাকবেন বলেই জানিয়েছিল থাই কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কা ছাড়ার পর গোটাবায়া রাজাপাকসেকে কখনওই জনসমক্ষে দেখা যায়নি, কোনও বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্যও করেননি। থাইল্যান্ডে নামা বা থাকা প্রসঙ্গে রয়টার্সও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।