২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

বিক্ষোভে নারীরা ‘কাজ, খাবার ও ন্যায় বিচারের’ অধিকারের দাবিতে স্লোগান দেন।

আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:42 PM

Updated : 19 Jul 2023, 09:42 PM

আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার এবং সেলুন বন্ধ করে দেওয়ার তালেবান সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা।

বুধবারের এই বিক্ষোভে নারীরা ‘কাজ, খাবার ও ন্যায় বিচারের’ অধিকারের দাবিতে স্লোগান দেন।

বিবিসি জানায়, বিক্ষোভ দমনে তালেবান নিরাপত্তারক্ষীরা জলকামান ব্যবহার করেন।  তবে কয়েকজন বিক্ষোভকারী তাদের বিরুদ্ধে স্টেনগান ব্যবহারের অভিযোগ করেছেন।

এদিন প্রায় ৫০ জন নারী বিক্ষোভে অংশ নেন। তালেবান শাসনামলে দেশটিতে নারীদের বিক্ষোভের ঘটনা খুবই বিরল।

২০২১ সালে দ্বিতীয়বারের মত আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর তারা একে একে দেশটির নারীদের শিক্ষা, কর্মসংস্থানসহ প্রায় সব ধরনের অধিকার কেড়ে নেয়।

তালেবান নারীদের জিমে যাওয়া, পার্কে যাওয়া এমনকি জাতিসংঘের নানা সংস্থায় কাজ করার অধিকারও তারা কেড়ে নিয়েছে।

গত ২ জুলাই তালেবান আফগানিস্তান জুড়ে নারীদের সব ধরনের বিউটি সেলুন বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে। এজন্য তারা ব্যবসায়ীদের একমাস সময় বেঁধে দিয়েছে।

তালেবানের পক্ষ থেকে বলা হয়, পরচুলা পরা এবং ভ্রু তোলাা ইসলাম বিরোধী। এছাড়া, ছেলে-মেয়েরা বিয়ে করার সময় পার্লারে সাজতে গিয়ে বাবা-মার অনেক অর্থ অপচয় করে।

বিউটি সেলন বন্ধ হয়ে গেলে দেশটির প্রায় ৬০ হাজার মানুষ বেকার হয়ে পড়বে বলে জানিয়েছে দেশটির চেম্বার অব কমার্স।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখনও আফগানিস্তানে বিউটি সেলন বন্ধ ছিল। সেবার তারা ক্ষমতা থেকে উৎখাতের পর বিউটি সেলন আবার খোলে।

দুই বছর আগে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর এতদিন বিউটি সেলুনগুলো খোলা থাকলেও দোকনের জানালা ঢেকে দেওয়া হয়েছিল। এমনকী, সেলুনের বাইরে নারীদের ছবিও কালো স্প্রে ছিটিয়ে ঢেকে দেওয়া হয়। কিন্তু তারপরও শেষ রক্ষা করা গেল না।