২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভারতে অগাস্টে বেড়েছে বিদেশি পর্যটক, শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশিদের পরেই বেশি ভারত ভ্রমণ করেছে চীনা পর্যটকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 12:19 AM

Updated : 28 Sep 2026, 12:19 AM

ভারতে গত অগাস্টে বিদেশি পর্যটকের আগমন অন্তত ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে; যা গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে একক কোনো মাসে সর্বোচ্চ।

এর মধ্যে দেশটিতে পর্যটক সংখ্যায় শীর্ষে ছিল বাংলাদেশ ও চীনের নাগরিকরা।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সংকলিত প্রাথমিক তথ্যের বরাতে রোববার দ্য হিন্দুর বিসনেসলাইনের খবরে বলা হয়, গত বছরের অগাস্টে ৬ দশমিক ২৫ লাখ বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। এ বছর একই সময় ভারতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা ৬.৯১ লাখ।

মূলত বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এই উর্ধ্বগতিতে বড় ভূমিকা রেখেছে। এর ফলে ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মত ভারতে বিদেশি পর্যটক আগমন দুই অঙ্কের প্রবৃদ্ধি রেকর্ড করল।

দ্য হিন্দু বলছে, ভারতে ২০২৩ সাল পর্যন্ত পর্যটকদের অন্যতম প্রধান উৎসস্থল হিসেবে বিবেচিত ছিল বাংলাদেশ। সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়লেও ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। প্রাথমিক তথ্যে দেখা যায়, অগাস্টে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি মানুষ ভারত ভ্রমণ করেছেন।

বাংলাদেশ ছাড়াও চীন থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা বার্ষিক ভিত্তিতে ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ৯ হাজার ছাড়িয়েছে বলে তথ্য দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। তাদের তথ্য বলছে, ভারতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে অগাস্টে পর্যটক সংখ্যাও ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে কানাডা, জার্মানি, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা থেকে পর্যটক আসার হার বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ।