২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে দেখতে লাহোরে ইমরান পুত্রদ্বয়

সম্প্রতি ব্রিটিশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, তার উপর হামলার খবর শোনার পর যুক্তরাজ্যে তার দুই ছেলে ‘খুবই উদ্বিগ্ন’ হয়ে পড়েছিল।

বাবাকে দেখতে লাহোরে ইমরান পুত্রদ্বয়

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2022, 09:50 PM

Updated : 10 Nov 2022, 09:50 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর বাবাকে দেখতে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে এসেছেন দুই ছেলে কাসিম ও সুলেমান খান।

বৃহস্পতিবার তারা লাহোরে পৌঁছান বলে পিটিআই লাহোরের টুইটার একাউন্ট থেকে জানানো হয়েছে।

প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের ঘরে ইমরানের এই দুই ছেলের জন্ম। এ জুটির বিচ্ছেদের পর দুই ছেলে মায়ের সঙ্গে যুক্তরাজ্যেই বসবাস করেন।

ইমরানের ওপর হামলার খবরে তাদের ওপর দিয়ে কেমন ঝড় বয়ে গেছে সেকথা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন সাবেক এই পাক-প্রধানমন্ত্রী।

ব্রিটিশ টিভি উপস্থাপক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেছেন, তার উপর হামলার খবর শোনার পর তার দুই ছেলে ‘খুবই উদ্বিগ্ন’ হয়ে পড়েছিল।

গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে পৌঁছেই তিনি তার দুই ছেলে ও প্রাক্তন স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও জানান। বলেন, আহত হলেও তিনি নিরাপদ আছেন এই খবর পাওয়ার পর তারা স্বস্তি প্রকাশ করেছে।

ইমরানের দুই ছেলে সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানে গিয়েছিলেন। এবার তারা আবার সেখানে গেলেন। পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন জানায়, প্রাদেশিক মন্ত্রী মিঁয়া আসলাম ইকবাল লহোর বিমান বন্দরে ইমরানের দুই ছেলেকে স্বাগত জানিয়েছেন। পরে তারা বাবার সঙ্গে দেখা করতে জামান পার্কে ইমরানের বাড়িতে যান।

‘গণতন্ত্র রক্ষা’ এবং ‘পুনরায় ভোটের’ দাবিতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের লংমার্চ চলার সময় গত ৪ নভেম্বর ওয়াজিরাবাদের আল্লাহওলা চকে সমাবেশ স্থলে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান।

এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তিনি স্বীকার করেছেন, ইমরানকে হত্যা করাই তার উদ্দেশ ছিল। ওই দিন দলের আরো তিন জ্যেষ্ঠ নেতা আহত হন।

গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি জামান পার্কের বাড়িতে আছেন। সুস্থ হয়ে ওঠার পর তিনি পুনরায় লংমার্চে যোগ দেবেন বলে জানা গেছে।