২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ থামাতে `ম্যাক্রোঁ, স্টারমার কিছুই করেননি’, অভিযোগ ট্রাম্পের

শান্তি আলোচনায় ‘খেলার মতো কোনো তাস’ ইউক্রেইনের হাতে নেই বলেও ভাষ্য মার্কিন এ প্রেসিডেন্টের।

ইউক্রেইন যুদ্ধ থামাতে `ম্যাক্রোঁ, স্টারমার কিছুই করেননি’, অভিযোগ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 02:00 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, ইউক্রেইন যুদ্ধ থামাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার কিছুই করেননি।

ইউরোপের এই দুই নেতার যুক্তরাষ্ট্র সফরের দিনকয়েক আগে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি। 

ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও কড়া সমালোচনা করেছেন। বলেছেন, শান্তি আলোচনায় ‘খেলার মতো কোনো তাসও’ ইউক্রেইনের হাতে নেই।

“আমি মনে করি না বৈঠকগুলোতে তার থাকা খুব একটা গুরুত্বপূর্ণ,” বলেছেন তিনি।  

২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার সাঁড়াশি অভিযান শুরুর পর পর্যন্ত যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় মিত্ররা কিইভকে বিপুল পরিমাণ অস্ত্রসহ নানান সহায়তা দিয়ে আসছে। 

সৌদি আরবে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের আগের দিন সোমবার তারা ইউক্রেইন নিয়ে প্যারিসে জরুরি এক সম্মেলনেও বসেছিল। 

ইউরোপের দেশগুলোর আশঙ্কা, ইউক্রেইন শান্তি আলোচনায় ইউরোপ ও কিইভকে বাদ দিয়েই ওয়াশিংটন ও মস্কো অগ্রসর হতে পারে।

শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের স্টারমারের সমালোচনা করার পাশাপাশি ট্রাম্প তাদের প্রশংসাও করেছেন।

ম্যাক্রোঁকে তিনি ‘বন্ধু’ অ্যাখ্যা দিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেছেন ‘খুবই চমৎকার মানুষ’।  

ফ্রান্সের প্রেসিডেন্টের সোমবার ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা, স্টারমার যাচ্ছেন বৃহস্পতিবার।  

ট্রাম্প গত কিছুদিন ধরেই ইউক্রেইন যুদ্ধ থামাতে ব্যর্থতার জন্য জেলেনস্কিকে  দায় দিয়ে আসছিলেন। বলছিলেন, আলোচনার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেইনে অভিযান থেকে বিরত রাখা যেত। 

সৌদি আরবে গত সপ্তাহের বৈঠকে ইউক্রেইনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে শুক্রবার ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে চুক্তিকে ‘অসম্ভব’ বিবেচনা করে রাশিয়া।

“আমার মনে হয় রাশিয়া আন্তরিকভাবেই যুদ্ধ বন্ধে চুক্তি করতে চায়, কিন্তু চুক্তি না করলেও চলে প্রেসিডেন্ট ভ্লাদির পুতিনের,” বলেছেন তিনি। 

সমালোচকদের অনেকেই বলছেন, ট্রাম্প এখন মস্কোকে ‘তুষ্ট’ করার নীতি নিয়েছেন। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ভাষ্য উড়িয়ে দিয়ে বলেছেন, “আমরা সংঘাত বন্ধে আলোচনা করছি। এটা তখনই তুষ্ট করা হতো, যদি ইউক্রেইনের কাছে জেতার মতো বিশ্বাসযোগ্য কোনো পথ থাকতো। তাদের জেতার কোনো পথ নেই, তাই এটা তুষ্ট করা নয়।”

জেলেনস্কিকে 'সাহসী নেতা' বললেন ট্রাম্পের দূত

শান্তি আলোচনায় 'তাস রাশিয়ার হাতেই', বললেন ট্রাম্প

'স্বৈরশাসক' জেলেনস্কি দ্রুত পদক্ষেপ না নিলে ইউক্রেইন হারাবে: ট্রাম্প