শান্তি আলোচনায় ‘তাস রাশিয়ার হাতেই’, বললেন ট্রাম্প
মস্কো যে এ যুদ্ধের শেষ দেখতে চাইছে তা মনেপ্রাণে বিশ্বাসও করেন মার্কিন এ প্রেসিডেন্ট।
ইউক্রেইনের ‘বিপুল পরিমাণ ভূখণ্ড’ এরই মধ্যে দখলে নিয়ে নেওয়ায় যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়াই সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শান্তি আলোচনায় ‘তাস রাশিয়ার হাতেই’, বুধবার এয়ার ফোর্স ওয়ানে বিবিসিকে এমনটাই বলেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, মস্কো যে এ যুদ্ধের শেষ দেখতে চাইছে তা তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন।
ইউক্রেইনে নাৎসিজমের উত্থান প্রতিহত করতে এবং সেখানকার রুশভাষীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তিন বছর আগে রাশিয়াই ইউক্রেইনের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধে নেমেছিল।
মস্কোকে চেপে ধরতে জো বাইডেনের যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও তাদেরকে কাবু করতে পারেনি। শিল্পসমৃদ্ধ দনবাসের বেশিরভাগ অংশসহ ইউক্রেইনের যুদ্ধপূর্ববর্তী মানচিত্রের প্রায় ২০ শতাংশ এখনও মস্কোর নিয়ন্ত্রণে।
ফ্লোরিডায় সৌদি-পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে ভাষণ দিয়ে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিবিসিকে ট্রাম্প শান্তি আলোচনায় রাশিয়ার ‘সুবিধাজনক অবস্থার’ কথা জানান।
“আমি মনে করি রাশিয়া যুদ্ধের শেষ দেখতে আগ্রহী, আমি সত্যিই মনে করি। আমার মনে হয় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কারণ তারা বিপুল পরিমাণ ভূখণ্ড দখলে নিয়েছে। তাস তাদের হাতে,” বিবিসিকে বলেন মার্কিন প্রেসিডেন্ট।
রাশিয়া সত্যিই শান্তি চায়, এমনটা বিশ্বাস করেন কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, করি।”
তার আগে ফ্লোরিডার সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একইদিনে দ্বিতীয়বার ‘স্বৈরাচার’ অ্যাখ্যা দেন। এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি ইউক্রেইনের ‘কৌতুক অভিনেতা’ প্রেসিডেন্টকে ‘স্বৈরাচার’ তকমা দেওয়ার পাশাপাশি তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন।
কিইভকে বাদ দিয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার প্রেক্ষিতে জেলেনস্কি ট্রাম্পকে আক্রমণ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘অপতথ্যের জগতে’ বাস করছেন।
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ট্রুথ সোশ্যাল ও ফ্লোরিডার সম্মেলনে জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণে করেন, বলেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
“তিনি নির্বাচন আয়োজনে রাজি হচ্ছেন না। ইউক্রেইনে হওয়া সত্যিকারের জরিপগুলোতে তার গ্রহণযোগ্যতা খুবই কম দেখা যাচ্ছে। প্রতিটি শহর যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আপনি এতটা বাস্তবতাবিচ্ছিন্ন থাকেন কী করে?,” ফ্লোরিডা সম্মেলনে বলেন ট্রাম্প।
গত বছরের মে মাসে জেলেনস্কির ৫ বছরের মেয়াদ শেষ হয়। রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি আছে, যাকে ঢাল হিসেবে ব্যবহার করে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্পের দাবি, ইউক্রেইনে জেলেনস্কির গ্রহণযোগ্যতা এখন মাত্র ৪ শতাংশ। তবে বিবিসির যাচাই করা কিছু জরিপ বলছে, এখনও ৫৭ শতাংশ ইউক্রেইনীয় তাদের প্রেসিডেন্টের ওপর আস্থা রাখছেন।
জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের অবস্থান মেনে নিতে পারছেন না ইউরোপীয় নেতারা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ফোন করে জেলেনস্কির প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
যুক্তরাজ্যও দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নির্বাচন স্থগিত রেখেছিল, স্টারমারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র।
ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজও। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা খুবই ভুল এবং বিপজ্জনক।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে মস্কোর সাঁড়াশি অভিযান শুরুর পর মঙ্গলবার সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রথম উচ্চ পর্যায়ের কোনো বৈঠকে মুখোমুখি বসে। এ বৈঠকে ইউক্রেইনকে আমন্ত্রণ জানানো হয়নি।
ওই বৈঠকের পর ট্রাম্প যুদ্ধের জন্য ইউক্রেইনকে দায় দেন। বলেন, “আপনাদের (ইউক্রেইন) যুদ্ধ শুরু করাই উচিত হয়নি। আপনারা চাইলে চুক্তি করতে পারতেন।”
