১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লন্ডনে একতলা বাড়িতে আগুন লেগে ৩ জনের মৃত্যু

আগুন আয়ত্তে আনতে আনতে বাড়িটির অর্ধেকের বেশি পুড়ে যায়। বাড়িটিতে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

লন্ডনে একতলা বাড়িতে আগুন লেগে ৩ জনের মৃত্যু
নিউ জিল্যান্ড সড়কে একটি একতলা বাড়িতে আগুন লেগেছে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 01:28 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাংশে একটি একতলা বাড়িতে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। 

লন্ডন দমকল বাহিনী জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউ জিল্যান্ড সড়কে একটি একতলা বাড়িতে আগুন লেগেছে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন ব্যক্তিকে উদ্ধার করে। 

সহকারী কমিশনার প্যাট গোলবর্ন জানান, ঘটনাস্থলেই তাদের মধ্যে দুইজন মারা যান, হাসপাতালে তৃতীয়জনের মৃত্যু হয়।  

বিবিসি জানিয়েছে, ওই বাড়ির আগুন নেভাতে দমকলের প্রায় ১০০ জন কর্মী ১৫টি ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ শুরু করে। রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন আয়ত্তে আনতে আনতে বাড়িটির অর্ধেকের বেশি পুড়ে যায়। বাড়িটিতে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। 

গোলবর্ন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “দুঃখজনকভাবে হোয়াইট সিটির নিউ জিল্যান্ড ওয়েতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। একটি একতলা বাড়িতে আগুনটি লেগেছিল। আগুনে বাড়িটির অর্ধেকের বেশি পুড়ে গেছে।” 

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, কর্মকর্তাদের ঘটনাস্থলে ডেকে আনা হয়েছে আর তারা দমকল বাহিনীর তদন্তে সহযোগিতা করছেন। 

নিহতদের পরিবারগুলোকে ঘটনা জানাতে তারা ‘কাজ করছেন’ বলে পুলিশ জানিয়েছে।