বার্লিনে প্রাইড উৎসবে গাড়ি হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
কর্তৃপক্ষ জানিয়েছে, বার্লিনের টিয়ারগার্টেন পার্কে এ হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ২৯ জন আহত হয়।
জার্মানির পুলিশ জানিয়েছে, ইসলামি চরমপন্থি তৎপরতার রেকর্ড থাকা ২১ বছর বয়সী এক যুবক তাদের গুলিতে নিহত হয়েছে। একদিন আগে বার্লিনের প্রাইড উৎসবের ভিড়ের মধ্যে মাইক্রোবাস চালিয়ে দিয়ে একজনকে হত্যার সন্দেহভাজন ছিল সে।
শনিবার নগরীর কেন্দ্রস্থলে ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে চলন্ত গাড়ি দিয়ে চালানো ওই হামলার ঘটনাটি ঘটে। তখন কাছেই ক্রিস্টোফার স্ট্রিটে ইউরোপের অন্যতম বৃহত্তম বার্ষিক এলজিবিটিকিউ উৎসব চলছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ২৯ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজন আহত হয় হামলাকারীর হাতে থাকা একটি ধারালো অস্ত্রের আঘাতে।
সামাজিক মাধ্যম এক্স এ বার্লিন পুলিশ লিখেছে, “রোববার সন্ধ্যা ৬টার দিকে টিয়ারগার্টেনে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনের অবস্থান শপানডাউয়ের একটি বরাদ্দকৃত গার্ডেন কমপ্লেক্সে পাওয়া যায়।”
রয়টার্স জানিয়েছে, এটি বার্লিনের সর্বপশ্চিম বরোর এমনটি একটি এলাকা যেখানে আবাসিক এলাকার মধ্যে অনেক বাগান আছে।
“প্রাথমিক তথ্য অনুযায়ী, সে ধারালো একটি অস্ত্র নিয়ে কর্মকর্তাদের দিকে তেড়ে যায়। এরপর পুলিশ গুলি চালায়। বার্লিন দমকল বিভাগের তাৎক্ষণিক পুনরুজ্জীবনের প্রচেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই সে মারা যায়,” লিখেছে পুলিশ।
শপানডাউয়ের বাসিন্দা দাগমার অয়েন্ট ও য়ুলিয়ানে গটৎসলার জানিয়েছেন, তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন আর পুলিশ তাদের নিজেদের বাড়ির ভেতরে থাকতে বলে।
বার্লিন পুলিশ নিহত ওই সন্দেহভাজনকে আব্দুল বি (২১) বলে শনাক্ত করে আর তার ছবি প্রকাশ করে সে কোথায় আছে সে বিষয়ে কেউ কিছু জানালে জানাতে বলে।
রোববার সকালে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেন, “অতীতে অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ড, উগ্রপন্থা, ইসলামপন্থি গোষ্ঠীর সদস্যপদের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিটি দৃষ্টি আকর্ষণ করেছিল।”
তিনি আরও জানান, সন্দেহভাজন লেবাননি বংশোদ্ভূত জার্মান নাগরিক। ২০০৫ সালে জার্মানিতে তার জন্ম হয়।
টিয়ারগার্টেন হামলাটি গত কয়েক বছর ধরে জার্মানিতে সাধারণ মানুষের ওপর চলন্ত গাড়ি নিয়ে হামলার সর্বশেষ ঘটনা। জার্মানিতে উগ্র-ডানপন্থিদের প্রতি জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এ ধরনের হামলার ঘটনা দেশটিতে অভিবাসন ও নিরাপত্তা নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।
টিয়ারগার্টেন হামলায় নিহতের স্মরণে বার্লিনের সেন্ট মেরিস চার্চে একটি স্মরণসভা হয়। দেশটির মধ্য-ডানপন্থি চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়াৎর্স এই স্মরণ সভায় যোগ দেন। এখানে দেওয়া ভাষণে তিনি জার্মানদের ভীত না হওয়ার আহ্বান জানান আর জার্মানি তার স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে বলে আশ্বস্ত করেন।
তিনি বলেন, “আমরা আমাদের জীবন ও সমাজের স্বাধীনতা, উন্মুক্ততা ও উদার চেতনাকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবো।”
বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ যোগ দেন। তাদের অনেকের হাতে এলজিবিটির রঙধনু পতাকা ছিল। তাদের কেউ কেউ ‘ঘৃণা হত্যা করে’, এমন শ্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করছিল।
টিয়ারগার্টেন পার্কের ঘটনাস্থলে লোকজন মোমবাতি জ্বালায় আর ফুল রেখে যায়।
