২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার কুর্স্ক শহরে হামলা চালিয়েছে ইউক্রেইনীয় ড্রোন: গভর্নর

সীমান্ত অঞ্চলটির প্রধান এ শহর রাশিয়ার সামরিক বাহিনীর ‘দৃঢ় সুরক্ষার মধ্যে আছে’ বলে দাবি করেছেন গভর্নর।

রাশিয়ার কুর্স্ক শহরে হামলা চালিয়েছে ইউক্রেইনীয় ড্রোন: গভর্নর

ঘটনাস্থলের দিকে ছুটছে রাশিয়ার একটি পুলিশ ভ্যান। ফাইল ছবি: স্পুৎনিক

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 03:29 PM

Updated : 02 Jun 2023, 03:59 PM

রাশিয়ার কুর্স্ক শহরের কাছে ইউক্রেইনের বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

শুক্রবার ভোরে শহরজুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে এমন খবর আসার কিছুক্ষণের মধ্যেই গভর্নর রোমান স্তারাভোয়েতের বিবৃতিটি আসে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।

বিবৃতিতে স্তারাভোয়েত কুর্স্ককের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইউক্রেইনের সঙ্গে সীমান্ত থাকা অঞ্চলটির প্রধান শহর রাশিয়ার সামরিক বাহিনীর ‘দৃঢ় সুরক্ষার মধ্যে আছে’।

চ্যানেল ম্যাশ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে রাশিয়ার বিমান প্রতিরক্ষা পদ্ধতিকে আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে গুলি করতে দেখা গেছে; তবে ভিডিওটি সত্যতা যাচাই করা যায়নি।

২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলি ঘন ঘন কামানের গোলা ও রকেট এবং ড্রোন হামলার শিকার হচ্ছে।

সীমান্ত অঞ্চল ছাড়িয়ে রাশিয়ার ভেতরে এমনকি রাজধানীতে মস্কোতেও হামলা হচ্ছে। মঙ্গলবার বিস্ফোরকবাহী কয়েকটি ড্রোন মস্কোর বেশ কয়েকটি উঁচু আবাসিক ভবনে আছড়ে পড়ে। এতে দুইজন বেসামরিক সামান্য আহত হন।

রাশিয়ার কর্মকর্তাদের দাবি, রুশ জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে এসব হামলা চালাচ্ছে কিইভ। 

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেইন থেকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে তাদের সেনারা।

মে মাসের মাঝামাঝিতে বেলগোরোদ অঞ্চলে সীমান্ত পাড়ি দিয়ে চালানো একটি হামলার দায় স্বীকার করেছিল ইউক্রেইনে আশ্রয় নেওয়া কথিত রুশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকরা। এর আগে মার্চের প্রথমদিকে রাশিয়ার ব্রাইয়ানস্ক অঞ্চলে একই ধরনের হামলার দায়ও স্বীকার করেছিল তারা।

আরও পড়ুন:

পুরানো খবর:

ইউক্রেইনের গোলার জন্য জাপানের কাছে বিস্ফোরক চায় যুক্তরাষ্ট্র

পুরানো খবর:

রাশিয়ার সীমান্ত শহর ও ২ তেল শোধনাগারে হামলা