ইয়েমেনি জলসীমা এড়িয়ে চলুন: ইইউ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সতর্কবার্তা
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর নতুন করে হামলা শুরু করতে পারে আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামুদ্রিক নিরাপত্তা সংস্থা পণ্যবাহী কোনও জাহাজকে ইয়েমেনের জলসীমায় প্রবেশ না করার জন্য সতর্ক করেছে।
কারণ, ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা নতুন করে শুরু করতে পারে।
গত শনিবার ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ভবিষ্যতে আরও হামলার অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিবিসি-র প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট জানিয়েছেন, উত্তর-পশ্চিম ইয়েমেনের নিয়ন্ত্রণে থাকা হুতিরা এখন পর্যন্ত তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র ব্যবহার করেনি।
সেটি হল: বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত করা। এই প্রণালি মূলত লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যপথের সঙ্গে সংযুক্ত করেছে। হুতিরা এখনও এই প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করেনি।
ইউরোপীয় ইউনিয়নের নৌ বাহিনী অ্যাসপাইডস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর উচিত হুমকি না কমা পর্যন্ত ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলা।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য হুমকির মাত্রা অনেক বেশি। তবে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজের জন্য হুমকির মাত্রা মাঝারি।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল ইরান সমর্থিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
