২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের মূল সরবরাহ লাইন থেকে জেপোরোজিয়ার সংযোগ বিচ্ছিন্ন

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন ইউক্রেইনের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি রিজার্ভ লাইনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে আইএইএ।

ইউক্রেইনের মূল সরবরাহ লাইন থেকে জেপোরোজিয়ার সংযোগ বিচ্ছিন্ন

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 09:21 PM

Updated : 04 Sep 2022, 09:21 PM

ইউক্রেইনে রাশিয়ার দখলে থাকা জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে প্রধান বিদ্যুৎ সরবরাহ লাইনের সর্বশেষ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন ইউক্রেইনের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি রিজার্ভ লাইনের ওপর নির্ভর করছে।

ইউক্রেইনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি আলাদাভাবে বলেছে, পারমাণবিক কেন্দ্রটির ছয়টি চুল্লির মাত্র একটিতে এখন কাজ চলছে।

ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর দখলে আছে। যদিও কেন্দটির কাজ পরিচালনা করছে ইউক্রেইনের কর্মীরা।

বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে ইউক্রেইন ও রুশ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। ছয় মাস ধরে চলা ইউক্রেইন যুদ্ধে লড়াইয়ের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে এই পারমাণবিক কেন্দ্র। কেন্দ্রটির কাছে গোলাবর্ষণের জন্য রাশিয়া এবং ইউক্রেইন একে অপরকে দোষারোপ করছে।

গোলা হামলার কারণে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইউক্রেইন জেপোরোজিয়া কেন্দ্রের কাছে রাশিয়ার নতুন করে রকেট এবং গোলা হামলা চালানোর অভিযোগ করার পর কেন্দ্রটির অবস্থা পর্যবেক্ষণ করতে বিশেষজ্ঞ দল পাঠায় আইএইএ।

নিরাপত্তা নিয়ে ঝুঁকির মধ্যেই আইএইএ-এর পরিদর্শকরা গত বৃহস্পতিবার জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছান। কেন্দ্রটি পরিদর্শন করে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেন, বেশ কয়েকবারই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির স্বকীয়তা লঙ্ঘন করা হয়েছে।

আইএইএ এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে তাদের বিশেষজ্ঞদের উপস্থিতি ‘গেম চেঞ্জার’-এর কাজ করেছে। এর মধ্য দিয়ে তারা সর্বশেষ ঘটনার দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “ইউক্রেইনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আইএইএ বিশেষজ্ঞদের বলেছেন, জেপোরোজিয়ার ৭৫০ কিলোভোল্ট বিদ্যুৎ সরবরাহের চতুর্থ লাইনটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

এর আগে লড়াই চলার মধ্যে অপর তিনটি সরবরাহ লাইন সংযোগবিচ্ছিন্ন হয়। ৩৩০/৭৫০ কিলোভোল্ট রিজার্ভ লাইন দিয়ে গ্রিডে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন হলে সেখান থেকে বিদ্যুৎকেন্দ্রটিতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

আইএইএ বলেছে, গত ২৫ অগাস্ট বিদ্যুতের প্রধান সংযোগ লাইনটিও সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে রাশিয়ার নিয়োগ করা স্থানীয় কর্মকর্তারা বলছেন, গোলা হামলার কারণে ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় সংযোগ লাইনটি বিচ্ছিন্ন হয়েছে।

ইউক্রেইনের রাষ্ট্র পরিচালিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান এনারহোয়াতম আলাদা এক বিবৃতিতে বলেছে, রুশ বাহিনীর অবিরাম গোলা হামলার কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ৫ নম্বর চুল্লি সংযোগ গ্রিড থেকে বিচ্ছিন্ন করে দিতে হয়েছে।

রাশিয়া এই বিবৃতির বিষয়ে কোনও মন্তব্য করেনি।