২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধ অবসানের সময় হয়েছে:  যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি

তিন দেশ সব পক্ষকে সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছার আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে মানবিক সহায়তা সরবরাহে বাধাও অবিলম্বে তুলে নিতে বলেছে দেশগুলো।

গাজায় যুদ্ধ অবসানের সময় হয়েছে:  যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি
যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 12:33 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এতে বলা হয়, “গাজায় যুদ্ধ অবসানের সময় হয়েছে।”

তিন দেশ “সব পক্ষকে সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছার” আহ্বান জানিয়েছে এবং হামাসের হাতে আটক সব জিম্মির “নিঃশর্ত মুক্তি” দাবি করেছে।

তারা বলেছে, “বিশুদ্ধ পানি ও খাবারসহ নাগরিকদের সবচেয়ে মৌলিক চাহিদাগুলো পূরণে আর কোনও বিলম্ব না করে তা নিশ্চিত করতে হবে।”

ইসরায়েলকে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেছে, “জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো যেন অনাহার সামাল দিতে কাজ করতে পারে, সে সুযোগ অবিলম্বে তাদেরকে দিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলকে দায়িত্ব পালন করতে হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “হামাসকে নিরস্ত্র করাই এখন জরুরি। গাজায় ভবিষ্যতে হামাসের কোনও ভূমিকা থাকতে পারে না।”

ভূখণ্ড দখলের হুমকি, বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিন দেশ বলেছে, “এই কার্যক্রম একটি আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্ষুন্ন করে।”

তিন দেশ একযোগে গাজার ভবিষ্যৎ নিয়ে একটি পরিকল্পনার কথা জানিয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও হামাস নেতৃত্ব অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

যৌথ বিবৃতিতে তারা বলেছে, “গাজায় চলমান মানবিক বিপর্যয় এখনই বন্ধ করতে হবে।” ইসরায়েলকে “মানবিক সহায়তা সরবরাহে বাধা অবিলম্বে তুলে নেওয়ার” আহ্বান জানিয়েছে তিন দেশ।

স্পষ্ট ভাষায় দেশগুলো বলেছে, “নাগরিকদের জন্য অত্যাবশ্যক মানবিক সহায়তা আটকে রাখা মেনে নেওয়া যায় না।”