পেন্টাগন লিকস: গ্রেপ্তার তরুণ সম্পর্কে যা জানা গেল
নথি ফাঁসের কেন্দ্রে সন্দেহভাজন ওই যুবক মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য; তার বিরুদ্ধে গুপ্তরচবৃত্তি আইনে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি ফাঁস হয়েছে ডিসকর্ড নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যাটরুমে; ‘থাগ শেইকার সেন্ট্রাল’ নামে সেই প্রাইভেট অনলাইন গ্রুপ মূলত ভিডিও গেমারদের মধ্যে জনপ্রিয়।
সেই ডিসকর্ড প্লাটফর্মে ‘ওজি’ নামে পরিচিত ২১ বছরের যুবক জ্যাক ডগলাস টিশেরা, যাকে মার্কিন সামরিক আর গোয়েন্দা নথি ফাঁসের আলোচিত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
নথি ফাঁসের কেন্দ্রে সন্দেহভাজন ওই যুবক মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তরচবৃত্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিত্রদের ওপর গোয়েন্দাগিরির কথা এবং ইউক্রেইনের সামরিক দুর্বলতার বিষয়ক মার্কিন নথি ফাঁস করে যুক্তরাষ্ট্রকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা দেওয়া এই যুবকের বিস্তারিত পরিচয় তুলে ধরেছে বিবিসি।
উঠতি বয়সী টিশেরা ২০২০ সালে নিজ শহর ম্যাসাচুসেটসের নর্থ ডাইটনের হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। তার এক বছর আগে ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য হন, যেটি যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের একটি রিজার্ভ ইউনিট। টিশেরা যোগ দেন ওই ইউনিটের ১০২ ইনটেলিজেন্স উইং-এ।
গত বছরের জুলাইয়ে টিশেরা পদোন্নতি পেয়ে ম্যাসাচুসেটসের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটির এয়ারম্যান ফার্স্ট ক্লাস হয়েছিলেন (জুনিয়র পর্যায়ের কর্মকর্তা)। সার্ভিস রেকর্ড অনুযায়ী, তার অফিসিয়াল পদবী ছিল ‘সাইবার ট্রান্সপোর্ট সিস্টেম জার্নিম্যান’। অর্থাৎ, একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে তিনি কাজ করতেন।
মার্কিন এয়ার ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, সাইবার ট্রান্সপোর্ট সিস্টেমে যারা কাজ করেন, তাদের দায়িত্ব হল এয়ার ফোর্সের বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা করা।
টিশেরার সার্ভিস রেকর্ড বলছে, কখনও তাকে বিদেশেও পাঠানো হয়নি। মিলিটারি সার্ভিসে তার পরিবারের সম্পৃক্তার খবরও জানা গেছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তার সৎ বাবা মিলিটারি সার্ভিসে ৩৪ বছর দায়িত্ব পালনের পর অবসর নেন। সর্বশেষ টিশেরার ১০২ ইনটেলিজেন্স উইংয়ে মাস্টার সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ও লিংকডইনের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, টিশেরার মা ম্যাসাচুসেটস ডিপার্টমেন্ট অব ভেটেরান্স সার্ভিস এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রবীণদের নিয়ে কাজ করা একটি অলাভজনক সংস্থায়ও কাজ করেন। প্রতিবছর ভেটেরান ডে-তে ছবি পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিতে টিশেরাকে তার দুটি কুকুরের সঙ্গে দেখা গেছে।
টিশেরা ডিসকর্ড প্লাটফর্মের সেই চ্যাটরুমের নেতা হিসাবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। ২০২০ সালে ‘থাগ শেইকার সেন্ট্রাল‘ নামে ওই চ্যাটরুম খোলা হয়। যাদের ইনভাইট করা হয়, কেবল তারাই ওই গ্রুপে জায়গা পান। সেখানে ২০ থেকে ৩০ জনের মত সদস্য রয়েছে, তাদের বেশিরভাগই তরুণ, যুবক এবং বিভিন্ন দেশের।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই গ্রুপে মিম, প্রাপ্তবয়স্কদের জোকস আর গালগল্প শেয়ারের পাশাপাশি একসঙ্গে মুভি দেখা এবং প্রার্থনা করা হয়। টিশেরা একজন ক্যারিশম্যাটিক তরুণ, আর বন্দুকে তার আগ্রহের কথা বলেছেন চ্যাটরুমের এক সদস্য।
অন্য সদস্যরা মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, টিশেরা গ্রুপের অন্যদের চেয়ে বয়সে বড় এবং অন্যদের প্রভাবিত করতে উৎসাহী ছিলেন।
নিউ ইয়র্ক টাইমসকে গ্রুপের এক সদস্য বলেন, “তিনি (টিশেরা) সর্বেসর্বা ছিলেন। সকলেই তাকে সম্মান জানাত।”
বিবিসি লিখেছে, টিশেরা ওই গ্রুপকে বলেছিলেন, তিনি এমন এক পরিবেশে কাজ করেন, যেখানে ফোন নিষিদ্ধ করা হয়েছিল। অনলাইনে তিনি এক্সক্যালিবার ইফেক্ট, জ্যাকডিজেডিটেক্স এবং টেক্সকিলডইউ এর মত বিভিন্ন নাম বারবার ব্যবহার করতেন। সংবেদনশীল তথ্য লিখে তিনি ওই চ্যাটরুমে শেয়ার করতেন। অন্যরা তার চ্যাটে মনোযোগ না দিলে হতাশা থেকে তিনি ফাইলগুলোর ছবি শেয়ার করতেন।
ওয়াশিংটন পোস্ট জানায়, একবার টিশেরা বিরক্ত হয়ে ওই গ্রুপে লিখেছিলেন, গ্রুপের সদস্যরা ইউটিউব ভিডিওতে বেশি আগ্রহী হয়ে পড়ছে।
“তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। বিভিন্ন কারণে তিনি লিখেছিলেন, তোমাদের যদি এগুলোর (ফাইল) ব্যাপারে আগ্রহ না থাকে, তবে আমি আর পাঠাব না,” গ্রুপের এক সদস্য বলেন।
টিশেরা কেন ওই ফাইলগুলো শেয়ার করেছেন, সে ব্যাপারে একটি ধারণা দিয়েছেন গ্রুপের এক কিশোর সদস্য।
নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, “টিশেরা খ্রিস্টান এবং যুদ্ধবিদ্বেষী। কিছু বন্ধুকে কেবল তিনি জানাতে চেয়েছেন, আসলে কী ঘটতে চলেছে।”
মার্কিন সামরিক ও গোয়েন্দা ওই নথিগুলো ফাঁস হওয়ার পরই চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনা এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কংগ্রেস সদস্য এবং গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে নাড়িয়ে দিয়েছে।
সিএনএন জানায়, ফাঁস হওয়া ৫৩টি নথি তারা পর্যালোচনা করেছে, যেগুলো এ বছরের মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চের শুরুর দিকে প্রস্তুত করা হয়েছে।
এসব নথিতে বিস্তৃত পরিসরে অত্যন্ত গোপনীয় তথ্য রয়েছে, যা থেকে একটি ধারণা পাওয়া যাচ্ছে, কীভাবে যুক্তরাষ্ট্র তার শত্রু ও মিত্র দুই পক্ষের ওপরেই একইভাবে গোয়েন্দাগিরি করে চলেছে।
যুক্তরাষ্ট্র ঠিক কী পরিসরে তাদের মিত্র হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও ইউক্রেইনের উপর নজরদারি করছে, ফাঁস হওয়া কয়েকটি নথি থেকে তা জানা যায়।
আরও কিছু নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র কতটা বিস্তৃত পরিসরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ার ভাড়াটে সৈনিকদের প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপে অনুপ্রবেশ করে গোয়েন্দাগিরি করছে।
যোগাযোগ ব্যবস্থায় আড়ি পেতে এবং ভেতরের তথ্যদাতাদের মাধ্যমে এই গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, যা এখন বন্ধ হয়ে যাবে এবং ওই তথ্যদাতারা বিপদে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
চলমান যুদ্ধে ইউক্রেইনের সমরাস্ত্র, বিমান প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর আকার কতখানি এবং এর গুরুত্বপূর্ণ দুর্বলতাগুলো কোথায়, সেসব আলোচনাও রয়েছে কিছু নথিতে।
গোয়েন্দা তথ্য আদান-প্রদান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন যখন নিজেদের মধ্যে একটি পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলতে চলেছে এবং কিইভ যখন রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে চলেছে, ঠিক সেই সময়ে এ গোপনীয় নথি ফাঁসের ঘটনা ঘটেছে।
একটি নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপরও নজরদারি করে চলেছে।
জেলেনস্কির ঘনিষ্ঠ এক সূত্র বলছে, এটা অবাক হওয়ার মতো কিছু না, তবে ইউক্রেইনের কর্মকর্তারা এই নথি ফাঁসের ঘটনায় খুব হতাশা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নথি থেকে আরও জানা গেছে, গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে জেলেনস্কি পরামর্শ দিয়েছিলেন যে রাশিয়ার রোস্তভ অবলাস্ত অবস্থানের উপর মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি দিয়ে আক্রমণ চালানো হোক, যেহেতু ইউক্রেইনের দূরপাল্লার অস্ত্রভাণ্ডার নেই।
এসব গোপন নথিতে জানা গেছে, বিদেশি লক্ষ্যবস্তুর ব্যবহার করা যোগাযোগ ব্যবস্থা, রাডার ও সমরাস্ত্র ব্যবস্থাপনার ইলেকট্রনিক সিগন্যাল থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন-
