২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ‘কবরস্থান’ হয়ে উঠেছে গাজা

গাজায় ইসরায়েলের হামলার দেড় মাস হতে চলেছে। এই সময়ে গাজায় পাঁচ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক হাজার। কত শিশু যে গৃহহীন, অভিভাবকহীন হয়ে পড়েছে তার কোনো হিসাব নেই। জাতিসংঘ বলেছে, গাজা হাজারো শিশুর ‘কবরস্থান’ হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের ছবিতে সেখানকার শিশুদের অবস্থা তুলে ধরা হলো।

রয়টার্স

Published : 18 Nov 2023, 11:05 PM

Updated : 18 Nov 2023, 11:05 PM

Image

ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এই শিশু তিনটিও পরিবারের সঙ্গে দক্ষিণে সরে যাচ্ছে। তাদের ভাগ্যে যানবাহন জোটেনি তাই পায়ে হেঁটেই মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে তাদের। দক্ষিণে সরে গেলেও প্রাণে রক্ষা পাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই। কারণ, গাজার দক্ষিণেও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সেখান থেকেও বেসামরিকদের সরে যেতে বলেছে তারা।

Image

গাজার দক্ষিণের খান ইউনিস শহরে ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত দুই শিশুকে সেখানকার নাসের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Image

গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় নবজাতক এই শিশুদের ইনকিউবেটরে রেখে চিকিৎসা চলছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী গাজা সিটির এই হাসপাতালটি কয়েকদিন আগে অবরুদ্ধ করে ফেললে জ্বালানির অভাবে সেটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। বন্ধ হয়ে যায় পানি ও অক্সিজেন সরবরাহও। এ অবস্থায় শিশুগুলোকে ইনকিউবেটর থেকে বের করে একটি শয্যায় রাখা হয়েছে। কয়েকটি নবজাবতক মারা গেছে, বাকিদের ভাগ্য অজানা।

Image

গাজার দক্ষিণের খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলার পর ভয়াবহ সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে কয়েকটি শিশু।

Image

হাসপাতালে সন্তানের লাশ কোলে নিয়ে কাঁদছেন ফিলিস্তিনি মায়েরা। তাদের এ কান্না কবে থামবে কেউ জানে না।

Image

চেয়ারের উপর বসে আছে একটি পুতুল। এটি আল-শিফা হাসপাতালের ফিলিস্তিনি বংশোদ্ভূত আইরিশ চিকিৎসক আহমেদ এল মোখাল্লালাতির সন্তানদের রেখে যাওয়া। তার পরিবারকে আল-শিফা থেকে উদ্ধার করা হলেও তিনি তার রোগীদের সেবা দিতে হাসপাতালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Image

ইসরায়েলের বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করলে লাখ লাখ ফিলিস্তিনি গাজার উত্তর থেকে পালিয়ে দক্ষিণে চলে গিয়েছিল। খান ইউনিসে তেমনই এক শিশু একটি তাঁবুর পাশে দাঁড়িয়ে আছে।

Image

গাজার আহত এই শিশুটিকে চিকিৎসার জন্য তার পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে নিয়ে যাওয়া হয়েছে।

Image

গাজার আহত এই শিশুটিকে চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। নরক থেকে মুক্তি পাওয়ার আনন্দেই কি শিশুটি বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখাচ্ছে।