হামাসের হাতে জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিয়েছে ইসরায়েল
গাজায় ২০০ জিম্মির মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে, যাদের বয়স ১৮ বছরের নিচে। বেশিরভাগ জিম্মিই জীবিত আছে- জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স।
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে থাকা জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ২০০ জনকে জিম্মি করে রেখেছে হামাস। তাদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে, যাদের বয়স ১৮ বছরের নিচে।
অপরদিকে, ১০ থেকে ২০ জনের বয়স ৬০ বছরের বেশি। বেশিরভাগ জিম্মিই জীবিত আছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে হামাস যোদ্ধারা এই ২০০ জনকে ধরে গাজায় নিয়ে গিয়ে জিম্মি করে রেখেছে বলে জানিয়েছে আইডিএফ।
বিবিসি জানায়, হামাসের ওই হামলায় নিহত হয় ১ হাজার ৪০০ ইসরায়েলি। ইসরায়েল তাদের গত ৭৫ বছরের ইতিহাসে কখনও এতবড় হামলার মুখে পড়েনি। তবে হামাসের হামলার জবাবে ইসরায়েলের বিমানবাহিনী ওইদিন থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে।
ইসরায়েলি সেনাবাহিনীর অবিরাম হামলায় এখন পর্যন্ত গাজায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাছাড়া, আহত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই শিশু।
