২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন হামলা করলে ফিলিপিন্সকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে ফিলিপিনো এবং চীনা জাহাজের সংঘর্ষের কয়েকদিন পর যুক্তরাষ্ট্র এই মন্তব্য করল।

চীন হামলা করলে ফিলিপিন্সকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 07:29 PM

Updated : 26 Oct 2023, 07:29 PM

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যে কোনও হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ফিলিপিন্সকে সমর্থন দেবে বলে চীনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে ফিলিপিনো এবং চীনা জাহাজের সংঘর্ষের কয়েকদিন পর যুক্তরাষ্ট্র এই মন্তব্য করল।

দক্ষিণ চীন সাগর মাছের জন্য একটি সমৃদ্ধ অঞ্চল। তাছাড়া, ওই অঞ্চলে তেল, গ্যাসসহ খনিজ সম্পদের বিপুল মজুত রয়েছে বলে মনে করা হয়। ফলে এ অঞ্চলের মালিকানা নিয়ে চীনের সঙ্গে ফিলিপিন্সসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর বিরোধ রয়েছে।

সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ফিলিপিন্সের মাছ ধরা নৌকাগুলোকে আটকাতে চীনের স্থাপন করা একটি ভাসমান বেড়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। ফিলিপিন্স ওই বেড়া কেটে দিলে উত্তেজনা আরও বেড়ে যায়।

দুই দেশের জাহাজ প্রায় সংঘর্ষের পর্যায়ে চলে আসা নিয়ে উত্তেজনা ছড়ায়। এর মধ্যে গত ২২ অক্টোবরে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি রসদ সরবরাহকারী জাহাজে চীনা কোস্ট গার্ডের জাহাজের আচমকা ধাক্কা দেওয়ার অভিযোগ করে ম্যানিলা।

তাছাড়া, ওই এলাকায় চীনের বিপজ্জনক কর্মকাণ্ড সামনে নিয়ে আসতে ফিলিপিন্স গণমাধ্যমকে আমন্ত্রণ জানানোর কারণে বিবাদ আরও বেড়েছে।

এ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বুধবার সবচেয়ে কড়া ভাষায় চীনকে হুঁশিয়ারি দিয়ে কথা বললেন। তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই- আমি খুবই স্পষ্ট করে বলতে চাই: ফিলিপিন্সকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার প্রতিশ্রুতি লৌহকঠিন। ফিলিপিন্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি লৌহকঠিন।”

১৯৫১ সালে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বন্ধনে আবদ্ধ যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন্স। সশস্ত্র কোনও হামলার ক্ষেত্রে  দেশদুটি এই চুক্তির আওতায় একে অপরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

হোয়াইট হাউজে দেওয়া বুধবারের বক্তব্যে বাইডেন বলেন, “ফিলিপিনো বিমান, জাহাজে কোনওরকম হামলা হলে ফিলিপিন্সের সঙ্গে আমাদের পারষ্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর হবে।”

বাইডেনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেছেন, চীন এবং ফিলিপিন্সের মধ্যেকার সমস্যায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার কোনও অধিকার নেই।

যুক্তরাষ্ট্র ফিলিপিন্সকে সুরক্ষা দিলে সেক্ষেত্রে তাদের কার্যকলাপে চীনের সার্বভৌমত্ব এবং দক্ষিণ চীন সাগরে চীনের স্বার্থ ক্ষুন্ন হওয়া উচিত হবে না।