‘ইয়েমেনের এডেনে হুতিদের বোমায় নিহত ৪৩’
ইয়েমেনের শিয়া হুতি বেসামরিক বাহিনী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের বোমাবর্ষণে বন্দর শহর এডেনে ৪৩ জন নিহত হয়েছেন।
রোববারের এ হামলায় আরো ১৭৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাসিত সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়।
মাত্র দুইদিন আগে এই সরকারই এডেনকে হুতিদের দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেছিল।
কিন্তু এডেন হুতি জোটের দখল পুরোপুরি মুক্ত হয়নি বলে এদিন প্রকাশ পায়। এডেনের বাকি অংশগুলো হুতি জোটের দখলমুক্ত করার জন্য রিয়াদে নির্বাসিত ইয়েমেন সরকারের অনুগত ও সৌদি মদতপুষ্ট যোদ্ধারা এদিনও লড়াই চালিয়ে যাচ্ছিল।
শহরের উত্তরাদিকের দার এল সাদ, সবর এবং ক্রাটার এলাকায় এসব যোদ্ধাদের সঙ্গে হুতিদের তীব্র লড়াই চলছিল।
নির্বাসিত সরকার পক্ষের যোদ্ধা ও ওই সরকারের সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির অনুগত সেনাবাহিনীর সদস্যরা গত সপ্তাহে হঠাৎ আক্রমণ চালিয়ে এডেন বিমানবন্দর ও শহরের অন্যান্য কেন্দ্রীয় এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে শহরটিতে গত কয়েকমাস ধরে চলা দুই পক্ষের মুখোমুখি অবস্থানের অবসান ঘটে।
নির্বাসিত সরকারপন্থীদের এই সাফল্যের পেছনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শিয়া বিদ্রোহীদের হাতে ইয়েমেনের পতন ঠেকাতে গত ২৬ মার্চ থেকে হুতি ও সালেহ অনুগত সেনা অবস্থানগুলো লক্ষ করে বিমান হামলা চালিয়ে আসছে আরব জোট বাহিনী।
হাদি অনুগত সেনাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে এডেনে পাঠাচ্ছে আরব জোট বাহিনী। ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান বন্দর এবং হাদি অনুগত বাহিনীর প্রধান শক্তিকেন্দ্র এডেনকে হুতিদের হাত থেকে রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জোট বাহিনী।
