ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির সম্ভাবনা
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে কিছু কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।
হোয়াইট হাউজের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্যসহ ছয় বিশ্বশক্তি ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
যদিও চুক্তির জন্য সমঝোতায় পৌঁছানোর সাম্প্রতিক সময়সীমা সোমবার রাতে কোনো ধরনের ঘোষণা ছাড়াই শেষ হয়েছে।
কিন্তু এরপরও আশা করা হচ্ছে, অর্থনৈতিক কিছু অবরোধ তুলে নেয়ার প্রেক্ষাপটে ইরান সমঝোতায় সম্মত হবে। আর এ বিষয়ক একটি চুক্তি খুব দ্রুতই ভিয়েনায় ঘোষণা করা হতে পারে।
বিভিন্নসূত্র আভাস দিয়েছে, ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের প্রায় একশো পৃষ্ঠার একটি সমঝোতা হয়েছে।
এতে চুক্তিতে ইরানের পরমাণু তৎপরতা কমিয়ে আনার বিপরীতে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করার কথা উল্লেখ করা হয়েছে।
এক যুগেরও বেশি সময় ধরে এই সঙ্কট থেকে উত্তরণের জন্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ছবি: রয়টার্স
ইরানের একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে কর্মীরা। ছবি: রয়টার্স
আর বরাবরই এই সন্দেহ প্রত্যাখ্যান করে ইরান দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্যেই।
বিবিসির সাংবাদিক জেমস রবিন্স ভিয়েনা থেকে জানিয়েছেন, সমঝোতার কাগজপত্রের বহর বেশ বড় আর তার ভাষাও স্পষ্ট।
তিনি জানিয়েছেন, চুক্তিতে থাকা অঙ্গীকারগুলো নিয়ে যেন কোনো অস্পষ্টতা না থাকে সেজন্যে বেশ সতর্কতার সঙ্গে এটি প্রস্তুত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি-এই ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের এই আলোচনা চলছে।
