গ্রিসের কাছে প্রতিশ্রুতি রক্ষার নিশ্চয়তা চায় ইউরো জোন
সঙ্কট থেকে উৎরানোর জন্য তৃতীয় দফা টাকা পেলে গ্রিস প্রতিশ্রুত সংস্কার কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে কি না, সে সন্দেহ প্রকাশ করে আরও বেশি নিশ্চয়তা চেয়েছেন ইউরো জোনের নেতারা।
শনিবার ব্রাসেলসে ইউরোজোনের অর্থমন্ত্রীদের প্রায় নয় ঘণ্টা নিষ্ফল আলোচনার পর ইউরো গ্রুপের বর্তমান চেয়ারম্যান নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী হেরুন দাইসোব্লোম বলেন, এ যাত্রায় কোনো সমঝোতায় পৌঁছানো ‘খুবই কঠিন’ হবে।
তাকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, “বিশ্বাসযোগ্যতা আর আস্থার বিষয়টি আলোচনায় এসেছে; আর্থিক বিষয়টিতো আছেই।”
বেইলআউট চুক্তি নিয়ে রোববার আবার বসবেন ইউরোজোনের ১৯ দেশের অর্থমন্ত্রীরা; এ আলোচনার উপরই নির্ভর করছে গ্রিসের ভাগ্য।
গ্রিসের অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোটোস অবশ্য আশা করছেন, রোববারই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। ঋণ পেলে এথেন্স সংস্কার কর্মসূচি এগিয়ে নেবে বলেও শনিবারের বৈঠকে আশ্বস্ত করেছেন তিনি।
এ দফায় ইউরোপীয় মোড়লদের কাছে ৫৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো ধার চাইছে গ্রিস। তবে আগের দুই দফায় নেওয়া ঋণ পুনর্গঠন করলে এই অংক ৭৪ বিলিয়নে পৌঁছাতে পারে।
নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী হেরুন দাইসোব্লোম। ছবি: রয়টার্স
আর এই টাকা পাওয়া গ্রিসের জন্য খুবই জরুরি, কেননা দেশটির অর্থনীতি এরইমধ্যে ধসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দেশটির সব ব্যাংক বন্ধ রয়েছে গত দুই সপ্তাহ ধরে। গত ২৮ জুন থেকে এটিএম বুথেও দিনে ৬০ ইউরোর বেশি তুলতে দেওয়া হচ্ছে না।
বেইলআউট পেতে এবার গ্রিস যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে তাতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের ২৩ শতাংশ ভ্যাট গুণতে হবে। করপোরেট ট্যাক্স বেড়ে হবে ২৮ শতাংশ।
জাহাজ কোম্পানিগুলোর উপরও করের বোঝা বাড়বে। ধনী দ্বীপগুলোর কর অবকাশ সুবিধা উঠে যাবে; বন্দরগুলো যাবে বেসরকারি খাতে। টেলিকম অপারেটর ওটিইর যে শেয়ার সরকারের হাতে আছে, তাও ছেড়ে দেওয়া হবে।
এই সংস্কার কর্মসূচি চূড়ান্ত হলে কৃষি উৎপাদনে ডিজেলে আর ভর্তুকি থাকবে না। সরকারি কর্মচারীদের অবসরের বয়স বেড়ে হবে ৬৭ বছর, কাটছাঁট হবে পেনশনেও।
২০১৬ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় ৩০০ মিলিয়ন ইউরো কমাতেও রাজি হয়েছে এথেন্স।
এথেন্সের ফুটপাতে বিক্রির জন্য ঝোলানো টি শার্টে যাই বলা হোক, গ্রিসকে দুশ্চিন্তা ছাড়ছে না। ছবি: রয়টার্স
অবশ্য পার্লামেন্টের ভোটাভুটিতে নিজের দলের একটি অংশের বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে সিপ্রাসকে। ইউরোপপন্থি বিরোধী দলগুলোর সমর্থন নিয়েই তাকে ভোটে উৎরাতে হয়েছে।
গ্রিস ইউরোজোনে থাকতে পারবে কি না- সে বিষয়টিও নির্ভর করছে তৃতীয় দফা এই ঋণ পাওয়ার ওপর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলসের আলোচনা ব্যর্থ হলে গ্রিসকে সাময়িকভাবে ইউরো জোনের বাইরে রাখার একটি পরিকল্পনাও জার্মানি তৈরি করে রেখেছে। অবশ্য এথেন্স বলছে, তেমন কোনো পরিকল্পনার কথা তাদের জানা নেই।
