উইঘুরপন্থি বিক্ষোভে বন্ধ তুরস্কের থাই দূতাবাস
থাইল্যান্ড থেকে প্রায় ১০০ উইঘুরকে বিতাড়িত করে চীনে পাঠিয়ে দেয়ার বিরুদ্ধে তুরস্কের রাজধানী আঙ্কারায় উইঘুরপন্থি বিক্ষোভে বন্ধ হয়ে গেছে সেখানকার থাই দূতাবাস।
বৃহস্পতিবার উইঘুর সমর্থকরা ইস্তাম্বুলে থাই কনস্যুলেটের সামনে বিক্ষোভ শুরু করলে কনস্যুলেটও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
মানবাধিকার গ্রুপগুলো থাইল্যান্ড থেকে উইঘুরদের চীনে ফেরত পাঠানোর পদক্ষেপের সমালোচনা করেছে।
উইঘুর মুসলিম সম্প্রদায় চীনে দমনপীড়নের শিকার। তবে চীন তাদের ওপর দমন-পীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে এবং থাইল্যান্ড থেকে ফেরত পাঠানো উইঘুরদেরকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়েছে।
পশ্চিম চীনে রমজান মাসে উইঘুরদের ওপর সরকারের কড়াকড়ির খবরে তুরস্কে বেশকিছুদিন থেকেই অস্থিরতা বিরাজ করছে। তুরস্কের মুসলিমদের সঙ্গে উইঘুরদের ঘনিষ্ঠ সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধন আছে।
তুরস্কের চীনা দূতাবাসের সামনেও বৃহস্পতিবার বিক্ষোভ করেছে উইঘুর সমর্থকরা। সেখানে চীনের পতাকা পোড়ায় তারা। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করে।
এর মধ্যে থাইল্যান্ড থেকে ১০০ উইঘুরকে বের করে দেয়ার ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে।
থাইল্যান্ডে গত বছর মার্চে প্রায় ৪শ’ উইঘুর অবৈধভাবে প্রবেশ করে। তখন থেকেই তাদেরকে কোথায় পাঠানো হবে তা নিয়ে তুরস্ক এবং চীনর মধ্যে কূটনৈতিক বিরোধ চলে আসছিল।
গত বুধবার ১শ’ উইঘুরকে সরিয়ে দেয়ার কথা জানায় থাইল্যান্ড। এর আগে ১৭২ জন উইঘুর নারী ও শিশুকে জুনের শেষদিকে তুরস্কে পাঠানো হয়।
