২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের ব্যাংকগুলো বন্ধই থাকবে

এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ ৬০ ইউরো তোলার সীমা ও ব্যাংক বন্ধ রাখার সময় বাড়িয়েছে গ্রিস সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 11:14 AM

Updated : 12 Oct 2022, 03:59 PM

সোমবার (১৩ জুলাই) পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে বলে বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতস, বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

আগামী কয়েকদিনের মধ্যেই গ্রিসের ব্যাংকগুলো অর্থশূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩০ জুন পূর্ববর্তী বেইল আউটের মেয়াদ শেষ হওয়ার পর নতুন বেইল আউটের বিষয়ে দাতাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি গ্রিসের। দাতাদের নতুন বেইল আউট প্রস্তাবে কঠোর ব্যয় সংকোচনের শর্ত থাকায় তা গ্রহণ করেনি গ্রিসের বামপন্থী সরকার। গণভোটে দেশটির জনগণও সরকারের সিদ্ধান্তে সমর্থন জানায়।

ঋণ সংকটের সমাধান না হওয়া পর্যন্ত গ্রিসের ব্যাংকগুলোকে নতুন কোনো সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) । এর আগ পর্যন্ত গ্রিসের ব্যাংক খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে জরুরি তহবিল সরবরাহ করে আসছিল ইসিবি।

ইসিবির এই সিদ্ধান্তে গ্রিসের ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়। পরিস্থিতি সামলাতে ২৯ জুন থেকে সমায়িকভাবে ব্যাংক বন্ধ রাখা ও এটিএম থেকে টাকা তোলার সীমা নির্দিষ্ট করে দেয় সরকার।

বুধবার ইসিবি তার আগের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানানোর পর গ্রিস সরকার ব্যাংক বন্ধ রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।

৩০ জুন গ্রিসের আন্তুর্জাতিক বেইল আউট কর্মসূচী শেষ হওয়ার পাশপাশি দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি পরিশোধেও ব্যর্থ হয়।