২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ জেলা পুনর্দখল করেছে আফগান বাহিনী

তালেবান দখল নেয়ার তিনদিনের মধ্যেই আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের চারধারা জেলা পুনরুদ্ধার করেছে আফগান সরকারি বাহিনীগুলো। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jun 2015, 02:46 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

মঙ্গলবারের এ বিজয়ে আফগান সরকারি বাহিনীগুলোর উপর সৃষ্ট চাপ তারা অনেকটাই সামলে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাদেশিক রাজধানী কুন্দুজ শহরের পার্শ্ববর্তী জেলা চারধারা দখলে নেয়ার পর তালেবানরা প্রাদেশিক রাজধানী দখলে নেয়ার হুমকি দিয়েছিল। ২০০১ সালে কাবুলের ক্ষমতা থেকে হটে যাওয়ার পর এই প্রথম তালেবানরা একটি প্রাদেশিক রাজধানী দখল করার হুমকি তৈরি করেছিল।

একদিন আগে সোমবার তালেবানরা রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনে বড় ধরনের হামলা চালিয়ে সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল। পার্লামেন্ট ভবনেই ঠিক বাইরে শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে ছয় জঙ্গি হামলাটি শুরু করেছিল।

কিন্তু এ হামলাও সফলভাবে প্রতিরোধ করেছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো। হামলার প্রাথমিক ধাক্কায় এক বেসামরিক নিহত ও অপর ৩০ জন আহত হলেও নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় হামলাকারী সবাই নিহত হন।

কুন্দুজের প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল সবুর নাসরাতি জানিয়েছেন, আফগান সেনাবাহিনী ও পুলিশ তালেবানদের চারধারা থেকে হটিয়ে দিয়েছে।

তিনি বলেন, “উত্তরাঞ্চলীয় অন্যান্য প্রদেশ থেকে কুন্দুজে অতিরিক্ত বাহিনী আসার পর তালেবানদের হটিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তালেবান পক্ষের অনেকে হতাহত হয়েছেন।”

“আমরা তাদের পশ্চাদধাবন করছি, লড়াই এখনো চলছে,” বলেছেন তিনি।

চারধারা দখলের পর কুন্দুজের গভর্নর কম্পাউন্ডের মাত্র তিন কিলোমিটার দূরে সেনাবাহিনীর একটি বিগ্রেডের সঙ্গে লড়াই শুরু করেছিল তালেবানরা। এতে কুন্দুজ শহরের প্রাণকেন্দ্র তালেবানদের দখলে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।

কুন্দুজ শহরের পতন হলে তা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলত বলে মন্তব্য করেছে এক বিশ্লেষক।