২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের শিনজিয়াংয়ে বিয়ার উৎসব, নির্বাসিত ‍মুসলিমদের ক্ষোভ 

 রমজানের ঠিক আগে আগে চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াংয়ের একটি গ্রামে বিয়াব উৎসবের আয়োজন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অঞ্চলটির নির্বাসিত মুসলিমরা। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jun 2015, 03:39 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

গত সোমবার শিনজিয়াংয়ের নিয়া জেলার প্রত্যন্ত এক গ্রামে ওই বিয়ার উৎসব অনুষ্ঠিত হয়। এলাকাটিতে মুসলিম উইগুর সম্প্রদায়ের লোকজন সংখ্যাগরিষ্ঠ। 
 
রমজানের ঠিক আগে সরকারি পৃষ্ঠপোষকতায় এ ধরনের অনুষ্ঠান আয়োজনকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে নির্বাসিত একটি উইগুর গোষ্ঠী।
 
নিয়া জেলার সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ওই ‘বিয়ার প্রতিযোগীতায়’ ৬০ জনেরও বেশি তরুণ কৃষক ও পশুপালক যোগ দিয়েছিলেন। 
 
ওয়েবসাইটে দেয়া ছবিতে দেখা গেছে, একটি মঞ্চের সামনে নারীরা নাচছেন, আর মঞ্চে লাইন ধরে এক মিনিটে কে কতোটা বিয়ার পান করতে পারে তার প্রতিযোগীতায় করছে। প্রতিযোগীদের পরনে উইগুরের খুলির টুপি। 
 
প্রতিযোগীতায় বিজয়ীদেরকে এক হাজার ইউয়ানের বেশি অর্থ পুরস্কার হিসেবে দেয়া হয়েছে বলে ওয়েবসাইটে দেয়া প্রতিবেদনে জানানো হয়েছে। 
 
প্রতিবেদনটি রোববার আঞ্চলিক সরকারের নিউজ ওয়েবসাইটে তুলে দেয়া হয়েছে। 
 
এতে বলা হয়েছে, “আধুনিক সাংস্কৃতিক অনুসঙ্গ ব্যবহার করে গ্রামের সাংস্কৃতিক জীবনকে উজ্জীবিত করে ধর্মের অবৈধ আনুষ্ঠানিকতাগুলো সঙ্কুচিত করে গ্রামীণ ছন্দ ও স্থিতিশীলতা ধরে রাখতে এ আয়োজন করা হয়েছে।” 
 
প্রতিবেদনে এক গ্রামবাসীর উদ্ধৃতিতে বলা হয়েছে, “ফসল বুননের ব্যস্ত সময়ে উজ্জীবিত থাকা ও আমাদের ক্লান্তি দূর করার জন্য আয়োজনটি দারুন হয়েছে। আমি পান করতে যাচ্ছি, আমি অবশ্যই সেরা পুরস্কারটি জিতে বাড়িতে নিয়ে আমার বউকে খুশি করতে পারবো।”  
 
ওয়ার্ল্ড উইগুর কংগ্রেসের মুখপাত্র দিলশাত রক্ষিত এ আয়োজনের নিন্দা করেছেন। এক ইমেইল বার্তায় তিনি এ আয়োজনকে ‘ইসলামি বিশ্বাসের প্রতি প্রকাশ্য উস্কানি’ বলে আখ্যায়িত করেছেন।