২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদে আত্মঘাতী হামলার পর নেকাব নিষিদ্ধ

মধ্য আফ্রিকার দেশ চাদে একদিনে দুই দফা আত্মঘাতী বোমা হামলার পর মুখঢাকা বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 05:54 AM

Updated : 12 Oct 2022, 03:52 PM

সোমবারের ওই হামলায় ২০ জনের বেশি নিহত হন। এ হামলার পিছনে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত রয়েছে বলে অভিযোগ করছে চাদ সরকার।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী কালজেব ফাহিমি দাউবেত নেকাব নিষিদ্ধের ঘোষণা দেন।

তিনি বলেন, শুধু জনসমাগমস্থলেই নয়, সব জায়গায় নেকাব নিষিদ্ধ থাকবে।  

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা ‘ছদ্মবেশ’ হিসেবে নেকাব ব্যবহার করছে এবং বাজারে যেসব মুখঢাকা বোরকা পাওয়া যাবে সেগুলো নিরাপত্তা বাহিনী পুড়িয়ে দেবে।

তিনি বলেন, যে কোনো ধরনের কাপড় যা চোখ ছাড়া সব কিছু ঢেকে রাখে তা ছদ্মবেশ।

সোমবার চাদের রাজধানীতে মটরসাইকেলে করে এসে দুটি পুলিশ ভবনের বাইরে আত্মঘাতী হামলা চালানো হয়।

বোকো হারাম ওই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠীটিকে দমনে নাইজেরিয়াকে সহযোগিতা শুরুর পর থেকে চাদে হামলার হুমকি দিয়েছিল তারা।

চাদের সীমান্তবর্তী নাইজেরিয়ার বর্নো স্টেট থেকে জঙ্গিদের হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল চাদের নিরাপত্তা বাহিনী।

জঙ্গি দমনে ওই অঞ্চলে একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা চলছে, যার  সদরদপ্তর হবে চাদে। ওই টাস্ক ফোর্সকে ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

চাদের বেশিরভাগ মানুষ মুসলমান এবং প্রধানত ধর্মীয় কারণেই সেখানে বোরকা পরা হয়। বোরকার কারণে সাহারার তপ্ত ও ধূলিময় আবহাওয়া থেকেও রক্ষা পান নারীরা।