২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন তুরস্কের সাবেক প্রেসিডেন্ট ডেমিরেল 

তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সুলেইমান ডেমিরেল ৯০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jun 2015, 10:24 AM

Updated : 12 Oct 2022, 03:52 PM

দৈনিক সাবাহ ও তুরস্কের অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে আঙ্কারার একটি হাসপাতালে তিনি মারা যান।

এক বিবৃতিতে আঙ্কারার গুভেন হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। 

১৯৯৩ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন। এর আগে ১৯৬০ সাল থেকে ১৯৯০ পর্যন্ত সাতবার তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

তুরস্ক যখন সহিংসতা, অর্থনৈতিক স্থবিরতা ও সামরিক শাসনের মোকাবিলা করছিল, সেই টালমাটাল সময়ে তিনি দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন।

প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল তার। তুরস্কের জীবিত রাজনীতিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি।

ক্ষমতায় থাকাকালে দুইবার সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন তিনি। তবে তুরস্কের রাজনীতিতে জেনারেলদের কর্তৃত্বপরায়ণ ভূমিকা নিয়ে কখনো প্রশ্ন তুলেননি।

তুরস্কের বিষয়ে তার জ্ঞান বিশ্বকোষতুল্য ছিল বলে মনে করা হয়। বলা হত, তিনি যে কোনো সময় যে কোনো গ্রামে হাজির হয়ে সেই গ্রামের নাম ও ওই এলাকার চেয়ারম্যানের নাম বলতে পারতেন।

তিনি ১৯২৪ সালের ১ নভেম্বর পশ্চিম তুরস্কের ইস্পার্টা প্রদেশের ইসলামকোয় শহরে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করেন।

ক্ষমতায় থাকাকালে তুরস্কের কেন্দ্রীয় আবাদি অঞ্চলে সমর্থকদের কাছে তিনি ‘বাবা’, ‘ড্যাড’ বলে পরিচিত হয়ে উঠেছিলেন।