৫ কোটি ডলারের নুডলস ধ্বংস করবে নেসলে
ভারতে ইন্সট্যান্ট ম্যাগি নুডলস নিষিদ্ধ হওয়ার পর নেসলে ইন্ডিয়া কোম্পানি পাঁচ কোটিরও বেশি ডলারের নুডলস ধ্বংস করার সিদ্ধান্ত জানিয়েছে।
নেসলে জানিয়েছে, তারা বাজার থেকে তুলে নেয়া ম্যাগি নুডলসের পাশাপাশি গুদামে, কারখানায় এবং ডিস্ট্রিবিউটরদের কাছে থাকা নুডলসও ধ্বংস করবে।
ভারতের খাদ্য মান নিয়ন্ত্রক দপ্তর নেসলের ম্যাগি নুডলসে ক্ষতিকর মাত্রায় সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়ার পর সরকার এটি নিষিদ্ধ করে।
তবে নেসলে তাদের উৎপাদিত নুডলস পুরোপুরি নিরাপদ বলে দাবি করে এসেছে এবং নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছে।
ভারতে নুডলসের বাজারের ৮০ শতাংশেই নেসলের দখলে। নেসলে জানিয়েছে,ম্যাগি নুডলস ধ্বংস করতে তাদের বাড়তি আরো কিছু খরচ হতে পারে।
কারণ, বিপুল পরিমাণ নুডলস বাজার থেকে তুলে নেয়া, পরিবহন খরচ এবং এগুলো ধ্বংস করারও খরচ আছে। মোট খরচের হিসাব পরে জানানো হবে বলে জানিয়েছে নেসলে।
এ মাসের শুরুতে নেসলে ইন্ডিয়া বাজার থেকে ম্যাগি নুডলস তুলে নিতে শুরু করে।
