২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার শীর্ষ কমান্ডার বুহাইশি নিহত

ওসামা বিন লাদেনের এক সময়ের সহযোগী আল কায়েদার আরব উপদ্বীপের (একিউএপি) শীর্ষ নেতা নাসের আল বুহাইশি নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jun 2015, 12:18 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন, ইয়েমেনের দুজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছিল সিএএন।

মঙ্গলবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে ইয়েমেনের আল কায়েদা (একিউএপি) যুক্তরাষ্ট্রের বোমা হামলায় বুহাইশির নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

“আমরা আরব উপদ্বীপের আল কায়েদা পক্ষ থেকে মুসলিম জাতিকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আবু বাসির নাসের বিন আব্দুল করিম আল বুহাইশি (আল্লাহ তার আত্মাকে শান্তি দিন) আমেরিকার হামলায় মারা গেছেন। তার সঙ্গে দুজন মুজাহিদ ভাইও (আল্লাহ তাদের আত্মাকেও শান্তি দিন) নিহত হয়েছেন,” বিবৃতিতে বলেছেন একিউএপি-র জ্যেষ্ঠ নেতা খালেদ বাতারফি।

একিউএপি-র এক বৈঠকের পর গোষ্ঠীটির সাবেক সামরিক প্রধান কাসিম আল রাইমিকে বুহাইশির স্থলাভিষিক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাতারফি।

বুহাইশি নিহত হওয়ায় লাদেন প্রতিষ্ঠিত আল কায়েদার অন্যতম সক্রিয় শাখা একিউএপি বড় ধরনের বিপর্যয়ে পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ছাড়াও বুহাইশির নেতৃত্বাধীন গোষ্ঠীটি ফরাসি বিদ্রুপ সাময়িকী শার্লে এবদুতে চালানো হামলার দায়ও স্বীকার করেছিল।

শুক্রবার পূর্ব ইয়েমেনের হাদ্রামউত এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাটি চালানো হয় বলে জানিয়েছে সিএনএন।

বার্তা সংস্থা রয়টার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে একিউএপি-র কয়েকজন সমর্থকের শোক প্রকাশের কথা জানিয়েছে।

ট্যুইটারে হ্যাশ-ট্যাগ দিয়ে শহীদ আবু বাসির আল বুহাইশি লিখে সমর্থক আবু গান্ধি বলেছেন, “নাসের আল বুহাইশি, আল্লাহ তাকে গ্রহণ করুন।”

এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য না করে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক কর্মকর্তা বলেছেন, তার মৃত্যু বিষয়ক প্রতিবেদনগুলো পরীক্ষা করে দেখছে যুক্তরাষ্ট্র।

অপর এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনো হামলার সঙ্গে জড়িত ছিল না। হামলাটি সিআইএ চালিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

দক্ষিণ ইয়েমেনে জন্মগ্রহণকারী বুহাইশি আল কায়েদায় যোগ দেয়ার জন্য ১৯৯৮ সালে প্রথমবারের মতো আফগানিস্তানে গিয়েছিলেন বলে একিউএপি-র উপর প্রকাশিত একটি বইতে বলা হয়েছে।

আফগানিস্তানে বিনা লাদেনের সঙ্গে দেখা হওয়ার পর থেকে ২০০১ পর্যন্ত লাদেনের সহকারী হিসেবে দায়িত্বপালন করেন তিনি। ৯/১১ পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখল করে নিলে তার এ দায়িত্বের অবসান ঘটে।

পরে ইয়েমেনে ফিরে বন্দি হন তিনি। দুঃসাহসিক উদ্যোগে কারাগার ভেঙে পালানোর পর ২০০৯ সালে একিউএপি-র প্রধানে পরিণত হন তিনি।

পরের কয়েক বছর বুহাইশির নেতৃত্বে ইয়েমেনের সরকারি মন্ত্রণালয়, সামরিক শিবিরসহ বিভিন্ন লক্ষে হামলা চালায় তার একিউএপি।

জানুয়ারিতে ফরাসি বিদ্রুপ সাময়িকীতে হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেয় একিউএপি। জানায় তাদের নির্দেশেই শার্লে এবদুর দপ্তরে হামলা চালানো হয়েছে।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সূত্রগুলো জানিয়েছিল, তারা বুহাইশির সঙ্গে আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির ফোন যোগাযোগে আঁড়ি পেতেছেন।