২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে হাতির আক্রমণে পথচারী নিহত

দক্ষিণপশ্চিম জার্মানিতে সকালে হাঁটতে বের হয়ে সার্কাস থেকে ছুটে আসা একটি হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 11:40 AM

Updated : 25 Apr 2022, 01:29 PM

বুচেন শহরের কাছে একটি বনে হাঁটার সময় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি বেবি নামের আফ্রিকান মাদি হাতিটির সামনে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় বার্তা সংস্থা স্টিমির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হাতিটি এক ব্যক্তিকে শূন্যে ছুঁড়ে দিলে তিনি পড়ে আহত হন, এছাড়া হাতিটির শুঁড়ের আঘাতে ১২ বছর বয়সী এক কিশোরের চোয়াল ভেঙে যায়।   

পরে ৩৪ বছর বয়সী ওই হাতিটিকে ধরে সার্কাসে ফেরত পাঠানো হয়।

কীভাবে হাতিটি তার ঘের থেকে বের হল, আর কেন এত উত্তেজিত ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। 

হাইডেলবার্গ পুলিশের মুখপাত্র ইভোনি স্কমিয়েরের বলেছেন, “ঘটনার সঙ্গে তৃতীয় পক্ষ জড়িত আছে বলে প্রমাণ পাওয়া গেছে।”

“হয়তো কেউ ঘেরটি বন্ধ করতে ভুলে গিয়েছিল, অথবা হাতিটি নিজে নিজেই ছুটে বের হয়,” বলেন তিনি।

প্রাণী অধিকার-রক্ষা গোষ্ঠী ‘পেটা’-র জার্মান শাখা সার্কাস থেকে হাতিগুলোকে সরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল বলে স্টিমির প্রতিবেদনে বলা হয়েছে।