২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেরকেলের ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার প্রমাণ নেই

অ্যাঙ্গেলা মেরকেলের মোবাইল ফোনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ)আড়িপাতার প্রমাণ পাওয়া যায়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2015, 07:15 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

এ বিষয়ে একবছর ধরে তদন্তের পরও আদালতে উত্থাপনের মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া না যাওয়ায় জার্মানির শীর্ষ পাবলিক প্রসিকিউটর তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন।

এনএসএ’র পলাতক সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন মেরকেলের ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার অভিযোগে তুলেছিলেন। তার হাতে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

জার্মানির ফেডারেল প্রসিকিউটরস অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ফৌজদারি মামলার জন্য আদালতে যে ধরণের প্রমাণ উত্থাপন করতে হয়, এই অভিযোগে সে ধরণের প্রমাণ পাওয়া যায়নি।”

“পর্যাপ্ত প্রমাণের অভাবে তদন্ত কাজ এখানেই শেষ করার সিদ্ধান্ত নেয়া হলো।”

প্রসিকিউটরের তদন্ত বন্ধ করা সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলতে রাজি হননি জার্মানির চ্যান্সেলর মেরকেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ট।

তিনি বলেন, “ফেডারেল প্রসিকিউটর তার সিদ্ধান্ত জানিয়েছেন। এ ধরণের সিদ্ধান্তের ক্ষেত্রে সরকাররের কোনো ধরণের মন্তব্য করা উচিৎ না।”

‘মেরকেলসহ আরও বেশ কয়েকটি মিত্রদেশের নেতাদের ফোনে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা’- গত বছর স্নোডেনের এ মন্তব্য বিশ্ব জুড়ে আলোড়ন তোলে।

দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

গত বছর জুনে ফেডারেল প্রসিকিউটর হ্যারাল্ড র‌্যাং বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন। ওই সময় তিনি বলেছিলেন, প্রাথমিক যে প্রমাণ পাওয়া গেছে তাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা চ্যান্সেলরের ফোনে আড়ি পেতেছে।

তবে তখন তিনি এটাও বলেছিলেন, এখনও এমন কোন নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে অভিযোগ আনা যায়।

ওই বছর ডিসেম্বরে র‌্যাং শক্ত প্রমাণের অভাবে তদন্ত সফলভাবে অগ্রসর হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল