২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি করা বুলডোজার দিয়ে বাড়ি ও গাড়ি ধ্বংস

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এক ব্যক্তি কথিত চুরি করা বুলডোজার চালিয়ে একটি বাড়ি ও তিনটি গাড়ি গুঁড়িয়ে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 02:13 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, সোমবার ভোরে তেরালবা এলাকার বাড়িটিতে বুলডোজার নিয়ে ঢুকে পড়েন ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। 

বাড়িটি গুঁড়িয়ে দেয়ার আগে তিনি বাড়ির সামনে একটি গ্যারেজে পার্ক করে রাখা তিনটি গাড়ি গুঁড়িয়ে দেন। এরপর বুলডোজার নিয়ে বাড়ির ২৯ বছর বয়সী মালিকের পিছু ধাওয়া করেন। 

এক পর্যায়ে পিছু ধাওয়া করা বাদ দিয়ে মূল বাড়ির দিকে বুলডোজার ঘোরান ও বাড়িটি গুঁড়িয়ে দেন।  

যে বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়েছে ঘটনার সময় সেই বাড়িতে এক নারী ও তার দুই কন্যাসন্তান ছিলেন।

৫৬ বছর বয়সী ওই নারী ও তার ১৫ ও ২০ বছর বয়সী কন্যাকে উদ্ধারে এক প্রতিবেশী এগিয়ে আসেন। শেষ মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে রক্ষা পান তারা।

সকাল সাড়ে ৭টার দিকে ফোন করার পর পুলিশ আসে। 

পুলিশের এক কর্মকর্তা ঝাঁপিয়ে বুলডোজারটির ক্যাবে উঠে জরুরি বাটন চেপে তা থামিয়ে দেন। হামলাকারী তখনও চালকের আসনে বসা ছিল।

তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পর্যন্ত এ ঘটনায় কেউ আহত হননি।

হামলাকারীর উদ্দেশ্য পরিষ্কার না হলেও গুঁড়িয়ে দেয়া বাড়িটির পরিবার তার পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ। 

হামলার আগে নিকটবর্তী একটি খনি থেকে হামলাকারী বুলডোজারটি চুরি করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।