সীমান্তে ইয়েমেনি হামলায় চার সৌদি সেনা নিহত
সৌদি আরবের জিযান ও নাজরান প্রদেশের সীমান্তে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনা ও হুতি বিদ্রোহীদের হামলায় চার সৌদি সেনা নিহত হয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জাননো হয়েছে।
শুক্রবার সকালে ইয়েমেন থেকে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ওই দিন ভোরে হামলাটি শুরু হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত দুপক্ষের মধ্যে টানা লড়াই হয়েছে এবং এতে বহু ইয়েমেনি যোদ্ধাও নিহত হয়েছেন।
নিহত চার সৌদি সেনার মধ্যে একজন দেশটির জাতীয় রক্ষী বাহিনীর কর্মকর্তা, দুজন স্থল বাহিনীর কর্মকর্তা ও একজন সীমান্ত রক্ষী।
এছাড়া শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহী ও তাদের মিত্র সেনাবাহিনীর পক্ষ থেকে ছোঁড়া একটি স্কাড মিসাইল সৌদি আরব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করেছে বলে জানিয়েছে এসপিএ।
