২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি চিন্তাবিদদের দিয়ে ইসলাম শিক্ষা পরিকল্পনা মিশরের

কট্টরপন্থি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে ইসলামিক চিন্তাবিদদের কাজে লাগানোর পরিকল্পনা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 10:00 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

এর অংশ হিসেবে মিশরের এক হাজার বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার, যেখানে ইসলাম ধর্ম শিক্ষা দেয়া হয় সেখানকার শিক্ষকদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের চরমপন্থার বিরুদ্ধে শিক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় সিসি বলেন, “ইমামগণ আপনাদের আল্লাহর সামনে জবাব দিতে হবে। পুরো বিশ্ব অপেক্ষা করছে। পুরো বিশ্ব আপনাদের পরবর্তী কথা শোনার অপেক্ষায় আছে। কারণ, মুসলিমরা হুমকির মুখে আছে।”  

ইসলামি শিক্ষার মধ্যে ‘একটি ধর্মীয় অভ্যূত্থান’ আনার আহ্বান জানান সিসি।

“চরমপন্থি চিন্তাভাবনাই উদ্বেগের সৃষ্টি করে যা বিপজ্জনক এবং এ ধরনের চিন্তার কারণেই বাকি বিশ্বকে হত্যা ও ধ্বংস করে ফেলতে ইচ্ছা করে।”

“এই ধরনের ভাবনায় পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে বিদ্যালয়ে, মসজিদে এবং রেডিও-টেলিভিশনে ইসলামি শিক্ষাবিদদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে।”

দশম শতকে আল-আজহার মসজিদটি নির্মাণ করা হয়, যা মিশরের সবচেয়ে পুরনো মসজিদগুলোর একটি। পরে আল-আজহার নামে একটি বিশ্ববিদ্যালয় খোলা হয় এবং সেখানে ১১৭১ সালে ফাতেমী খেলাফত শেষ হওয়া পর্যন্ত শিয়া ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়া হয়।

পরে এটি সুন্নি মসজিদে পরিণত হয় এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি বিদ্যালয়ে সুন্নি ইসলাম শিক্ষা দেয়া শুরু হয়।

এখন বিশ্ববিদ্যালয়টির অনেকগুলো বিভাগ ও গবেষণা কেন্দ্র রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে চার লাখ ৫০ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে যাদের অধিকাংশই এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়টির অধীনে নয় হাজারের বেশি বিদ্যালয় রয়েছে যেখানে ২০ লাখ শিশু শিক্ষা গ্রহণ করে।