২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে শাংগ্রি-লা হোটেলের কাছে একজন নিহত

সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, তারা শাংগ্রি-লা হোটেলের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা ও অপর দুই ব্যক্তিকে আটক করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 May 2015, 12:39 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

রোববার ভোরে সন্দেহভাজনরা হোটেলের কাছের পুলিশের ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে। 
 
এই শাংগ্রি-লা হোটেলে তিনদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। 
 
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার হোটেলটিতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সম্মেলনের উদ্যোক্তারা। তবে সম্মেলনের শেষ দিনের এ ঘটনায় কোনো প্রতিনিধির নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়নি বলে দাবি করেছেন তারা।    
 
পুলিশ জানিয়েছে, তল্লাশি চৌকিতে গাড়িটি থামলে তল্লাশির জন্য চালককে গাড়ির পেছনের বুট খুলতে বলা হয়, কিন্তু বুট না খুলে সামনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। 
 
তখন গাড়ি লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, গাড়িটি হোটেল সংলগ্ন একটি রাস্তায় যেয়ে থেমে যায়।
 
নিজেদের ফেইসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে সিঙ্গাপুর পুলিশ বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের একজনের কাছে মাদক জাতীয় দ্রব্য পাওয়া গেছে।  
 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আসা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা কিছুই জানতেন না, পরে সংবাদ প্রতিবেদন শুনে ঘটনা জানতে পারেন।
 
পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার সকালেই কার্টার ও তার সঙ্গী মার্কিন প্রতিনিধিরা ভিয়েতনামের উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করেছেন। 
 
বিশ্বের কম অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম বলে বিবেচিত। দেশটিতে কঠোর মাদক-বিরোধী আইন বলবৎ আছে। মাদক পাচারের কয়েকটি মামলায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।