ভূমধ্যসাগর থেকে ৪২৪৩ অভিবাসী ও ১৭টি মৃতদেহ উদ্ধার
ভূমধ্যসাগর থেকে গত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার ইতালির কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, ২২টি মাছ ধরার নৌকা ও রাবারের ডিঙ্গি থেকে মোট ৪২৪৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে ইতালি, আয়ারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও যুক্তরাজ্যের জাহাজ অংশ নিয়েছে।
এর আগে শুক্রবার ইতালির নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা নৌকাগুলোর একটিতে ১৭টি মৃতদেহ পাওয়া গেছে।
তবে কী কারণে তারা মারা গেছে বা তারা কোন দেশের নাগরিক সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ও দারিদ্রের কারণে ওই সব দেশের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করছে।
এ বছর ভূমধ্যসাগরে শরণার্থীর চাপ অনেক বেড়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের শুরু থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় সাড়ে ৩৫ হাজার অভিবাসী সমুদ্র পথে ইতালিতে গেছে। এছাড়া আরও ১৮০০ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
গত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া উপকূলে প্রায় আটশ অভিবাসী বোঝাই একটি মাছ ধরার নৌকা ডুবে অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয় লিবিয়া থেকে মানবপাচার বন্ধে নৌ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।
শুক্রবার ও শনিবার যাদের উদ্ধার করা হয়েছে তাদের অধিকাংশই দুএকদিনের মধ্যে ইতালির দক্ষিণাঞ্চলে বন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোরে যুক্তরাজ্যের নৌবাহিনীর একটি জাহাজ সাড়ে সাতশ’র বেশি অভিবাসী নিয়ে ইতালির তারান্তো বন্দরে পৌঁছেছে।
ইইউ কর্তৃপক্ষ সদস্য দেশগুলোকে এই সব শরণার্থীদের আশ্রয় দেয়ার দায়িত্ব পুনর্বাসন কোটা পদ্ধতিতে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছে।
