২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের সব আরোহীর লাশ উদ্ধার

নেপালে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের আট আরোহীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 May 2015, 06:43 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

পুরনো খবর:

নেপালে যুক্তরাষ্ট্রের সেনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

নেপালের কর্মকর্তারা জানান, শুক্রবার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। শনিবার ওই ধ্বংসাবশেষের মধ্যেই মৃতদেহগুলো পাওয়া গেছে।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র জগদীশ পখারেল বলেন, মৃতদেহগুলো শিগগিরই কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

হেলিকপ্টারটি নেপালের চীন সীমান্তের কাছে ত্রাণ বিতরণের কাজ করছিল। ওই সময় হেলিকপ্টারটিতে যুক্তরাষ্ট্রের ছয় জন মেরিন এবং নেপালের দুই জন সেনা সদস্য ছিলেন।

শক্তিশালী পরাঘাতে মঙ্গলবার নেপাল আবারও কেঁপে ওঠার অল্প কিছুক্ষণ পরই ত্রাণ বিতরণের জন্য আকাশে ওড়ে হেলিকপ্টারটি। তারপর হঠাৎ করে হেলিকপ্টারটির সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।

চারিকোট শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে ঘন বনের ভেতর এবং প্রায় ১১ হাজার ফুট গভীর পাহাড়ের খাড়িতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেন বলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সময় কাছাকাছি থাকা ভারতীয় একটি হেলিকপ্টারের রেডিওতে বেশ কিছু কথাবার্তা ধরা পড়ে যা থেকে ধারণা করা হচ্ছে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে জ্বালানি সংক্রান্ত কোন সমস্যা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রায় তিনশ সেনা নেপালে উদ্ধার কাজে নিয়োজিত আছেন। বিভিন্ন ধরণের মার্কিন হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

নেপালে ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আর মঙ্গলবার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ১১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।