নেপালে যুক্তরাষ্ট্রের সেনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ
নেপালে তিনদিন আগে আটজন আরোহীসহ নিখোঁজ যুক্তরাষ্ট্রের সেনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে।
নেপালের সেনাবাহিনীর বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
চীন সীমান্তের কাছে নেপালের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ত্রাণকাজে নিয়োজিত এই হেলিকপ্টারটি ছয়জন মার্কিন মেরিন সেনা ও দুইজন নেপালি সেনাসহ নিখোঁজ হয়েছিল।
মেজর জেনারেল বিনোজ বাসনেত জানিয়েছেন, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে আছেন কিনা তা এখনো জানা সম্ভব হয়নি।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫ মাইল দূরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন নেপালের সংবাদপত্র নেপাল টাইমস-এর সম্পাদক।
মঙ্গলবার দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের একটি শহরের কাছে চাল ও ত্রিপল বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়।
এর পরপরই যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা লাইট অ্যাটাক হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন বলে জানিয়েছিলেন তিনি।
হেলিকপ্টার নিখোঁজের এলাকাটি ‘বন্ধুর ও পর্বতময়’ উল্লেখ করে তিনি বলেছিলেন, “সম্ভবত পর্বতের বাধার কারণে নিখোঁজ হেলিকপ্টার থেকে পাঠানো কোনো রেডিও বার্তা পাওয়া যাচ্ছে না। আমরা হেলিকপ্টারটির অবস্থান জানতে পারিনি। স্বীকার করতে হচ্ছে, হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে।”
২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে মার্কিন ত্রাণ কাজের জন্য তিনটি ইউএইচ-ওয়ানওয়াই হেলিকপ্টার নেপালে পাঠানো হয়েছিল। নিখোঁজ হেলিকপ্টারটি ছিল এগুলোর একটি।
