২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার বাণিজ্য উদ্যোগের বিরুদ্ধে ডেমক্রেট সিনেটররা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বিলের ওপর বিতর্ক আটকে দিয়েছেন সিনেটের ডেমক্রেট সদস্যরা। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2015, 12:59 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

ডেমক্রেট সিনেটরদের মঙ্গলবারের এই পদক্ষেপ প্রেসিডেন্ট ওবামার আন্তঃপ্রশান্ত মহাসাগর অঞ্চলীয় বাণিজ্য প্রস্তাবের জন্য বড় একটি আঘাত। 
 
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, চিলিসহ প্রশান্ত মহাসাগর অঞ্চলের ১২টি দেশ নিয়ে এই বাণিজ্য জোট গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। বিশ্ব অর্থনীতির প্রায় ৪০ শতাংশ এসব দেশের নিয়ন্ত্রণে রয়েছে। 
বিশ্ব অর্থনীতিতে এশিয়ার উত্থান মোকাবিলা করতেই টিপিপি প্রস্তাব করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। 
 
অপ্রত্যাশিতভাবে ওবামার নিজ দলের সিনেট সদস্যরা বিরোধিতা করায় ওবামা প্রশাসন টিপিপি বিলটি আইনে পরিণত করে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 
 
সিনেটে বিলটির পক্ষে-বিপক্ষে ৫২-৪৫ ভোট পড়ে। কিন্তু বিতর্ক শুরু করার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পেতে প্রস্তাবটি ব্যর্থ হয়। 
 
টিপিপি চুক্তিতে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে ওবামার ডেমক্রেট দল। তাই ওবামা তথাকথিত ‘ফাস্ট ট্র্যাক’ আইন পাসের জন্য বিরোধী রিপাবলিকানদের ওপর নির্ভর করেছিলেন। এ আইনের ফলে কংগ্রেস তখন টিপিপি নিয়ে ভোটের আয়োজন করতে পারবে।
 
ভোটাভুটির এ ফলকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা রিপাবলিকান মিশ্চ ম্যাককনেল। 
 
এই ‘বিপর্যয়’ সত্বেও বিলটি এগিয়ে নিতে হোয়াইট হাউস কাজ করে যাবে বলে জানিয়েছেন মুখপাত্র জো আর্নেস্ট।