২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনকে নিয়ে হার্শের নিবন্ধ  মিথ্যায় ভরা: হোয়াইট হাউজ

আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেন হত্যা অভিযান নিয়ে পুলিৎজার পুরস্কার জয়ী মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সেমুর হার্শ এর নিবন্ধ মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2015, 07:35 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

সোমবার বিকালে দৈনিক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট এ দাবি করেন। তিনি বলেন, “হার্শের নিবন্ধ ভুল এবং মিথ্যায় ভরা।”

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামাই কেবল এটি লক্ষ্য করেননি বরং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক উপ-পরিচালক মাইক মোরেল এবং  সিএনএন এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক পিটার বার্গেনও নিবন্ধটির সমালোচনা করেছেন বলে সাংবাদিকদের জানান আর্নেস্ট।

হার্শের নিবন্ধ ‘পুরোপুরি ভুল’ বলে অভিহিত করেছেন মাইক মোরেল। ওদিকে, বার্গেন বলেছেন,  নিবন্ধটিতে নতুন যে সমস্ত কথা বলা হয়েছে তা সত্য নয়।

‘লন্ডন রিভিউ অব বুকস’-এ প্রকাশিত এক নিবন্ধে হার্শ অন্যান্য অনেক অভিযোগের মধ্যে লিখেছেন, অভিযান চালিয়ে বিন-লাদেনকে হত্যার বিষয়টি নিয়ে পাক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন শীর্ষ মার্কিন কর্মকর্তারা। এ অভিযান সম্পর্কে তৎকালীন পাক সেনাপ্রধান এবং গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানকে অবহিত করা হয় নি বলে যে দাবি যুক্তরাষ্ট্র করেছে তা  ‘ডাহা মিথ্যা’।

এ ব্যাপারে হোয়াইট হাউজ বলছে, লাদেন হত্যা অভিযানের আগে যাতে পাকিস্তান এ ব্যাপারে জানতে না পারে সেজন্য প্রেসিডেন্ট বারাক ওবামা সবসময়ই সচেষ্ট ছিলেন।

সিএনএন এর বিশ্লেষক বার্গেনের উদ্ধৃতি দিয়ে আর্নেস্ট বলেন, “নিবন্ধে যে সব সত্য কথা বলা হয়েছে তা নতুন নয়। আর নতুন যেসব কথা বলা হয়েছে তা সত্য নয়।”

এর আগে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র নেড প্রাইস বলেছিলেন, হার্শের নিবন্ধে এত ভুল আর ভিত্তিহীন কথাবার্তা আছে যে তার প্রত্যেকটি খন্ডন করা কঠিন। তবে যুক্তরাষ্ট্র এককভাবে লাদেন হত্যা অভিযান চালায়নি বলে হার্শ যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা।

তিনি বলেন, “পাকিস্তান সরকারসহ কোনো দেশের সরকারকেই লাদেন হত্যা অভিযান সম্পর্কে আগেভাগে না জানানোর সিদ্ধান্ত প্রেসিডেন্ট ওবামা আগেই নিয়েছিলেন। এমনকি অভিযান শেষের পরও বিষয়টি কাউকে জানানো হয়নি। এটি পুরোপুরিই ছিল যুক্তরাষ্ট্রের চালানো অভিযান।”