ফিদেল ও রাউল ক্যাস্ত্রোর সঙ্গে ওঁলাদের সাক্ষাৎ
কিউবার রাজধানী হাভানায় ঐতিহাসিক সফরে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো ও ১৯৫৯ বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিবিসি জানিয়েছে, ক্যারিবিয়ান অঞ্চল সফরের অংশ হিসেবে সোমবার কিউবা গেছেন ওঁলাদ।
সফরকালে কিউবার ওপর থেকে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের আরোপ করে রাখা বাণিজ্য নিষেধাজ্ঞায় ইতি টানার আহ্বান জানিয়েছেন তিনি। এ নিষেধাজ্ঞায় দ্বীপদেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এর মাধ্যমে ১৮৯৮ সালের পর কিউবায় সফরকারী প্রথম ফরাসি প্রেসিডেন্ট হলেন ওঁলাদ। আর ১৯৮০ সালের পর থেকে পশ্চিমা কোনো দেশের নেতা হিসেবেও প্রথম দেশটিতে গেলেন তিনি।
প্রেসিডেন্ট ওঁলাদ ও ফিদেল ক্যাস্ত্রো এক ঘণ্টা কথা বলেছেন বলে জানিয়েছেন ফরাসি সাংবাদিক লরে ব্রেটন।
ফিদেলের সঙ্গে কথা বলার সময় ওঁলাদ লরেকে বলেছেন, “আমার সামনে এমন একজন মানুষ যিনি ইতিহাস তৈরি করেছেন।”
ফিদেলের সঙ্গে সাক্ষাতের পর তার ভাই বিপ্লবের আরেক নেতা দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
এর আগে ওঁলাদ হাভানা বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে বলেন, “কিউবার উন্নয়নকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে উঠিয়ে নিতে ফ্রান্স যথাসাধ্য ভূমিকা রাখবে।”
সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হলেও কিউবার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার রাউলকে ফোন করে কথা বলার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধের বরফ গলতে শুরু করেছে।
