কিউবা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদঁ কিউবা সফরে গেছেন। এই প্রথম ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট কমিউনিস্ট সরকার পরিচালিত দেশটি সফরে গেলেন।
ওলাদঁ কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া, তিনি সেখানে একটি বক্তৃতা দেবেন এবং কিউবার একটি অর্থনৈতিক ফোরামে অংশ নেবেন। ওলাদঁ কিউবার সাবেক প্রধান ফিদেল ক্যাস্ত্রোর (৮৮) সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ক্যারিবিয়ান অঞ্চল সফরের অংশ হিসেবে কিউবা সফরে গেছেন ওলাদঁ। এর আগে তিনি সেন্ট-বার্থেলেমি, সেন্ট মার্টিন, মার্টিনিক ও গুদালুপে যান। কিউবা থেকে মঙ্গলবার তার হাইতি যাওয়ার কথা রয়েছে।
ওলাদেঁর সঙ্গে ফ্রান্সের বেশ কয়েকটি কোম্পানির নির্বাহীরা রয়েছেন। ওই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি এরই মধ্যে কিউবায় ব্যবসা শুরু করেছে।
সম্প্রতি কিউবার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ওই বাজার ধরার জন্যই ওলাদঁ কিউবা সফরে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছর ডিসেম্বরে ক্যাস্ত্রো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দুদেশের মধ্যে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে চলে আসা বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর অংশ হিসেবে এপ্রিলে পানামায় একটি আঞ্চলিক সম্মেলনে সাক্ষাত করেন দুই নেতা।
ফ্রান্স দীর্ঘদিন ধরেই কিউবার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এখন যুক্তরাষ্ট্রও সম্পর্ক পুনপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় পশ্চিমা বিশ্বজুড়ে এর প্রভাব পড়বে।
কারণ, ইউরোপের বিভিন্ন কোম্পানি অনেকদিন ধরে কিউবায় ব্যবসা করছে। কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে গেলে সেখানকার অনেক কোম্পানিও কিউবায় ব্যবসার চেষ্টা করবে এবং এতে বাজারে প্রতিযোগীর সংখ্যা বাড়বে।
