২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের হয়ে ফ্রান্সে গুপ্তচরবৃত্তি করেছে জার্মানি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পক্ষ হয়ে ফ্রান্সের কর্মকর্তাদের ওপর এবং ইইউ এর সদরদপ্তরগুলোতে গুপ্তচরবৃত্তি করেছে জার্মানির জাতীয় গোয়েন্দা সংস্থা বিএনডি। জার্মানির গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 10:37 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

বিএনডি’র ফাঁস হওয়া একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাটির পর্যবেক্ষণ স্টেশন বাড আইব্লিং ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদ, পররাষ্ট্রমন্ত্রণালয় এবং ইউরোপীয় কমিশনে গুপ্তচরবৃত্তি করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাও (এনএসএ) অবৈধভাবে ইউরোপীয় ফার্মগুলোর ওপর গুপ্তচরবৃত্তি করেছে। তবে এ ধরনের কিছু করার কথা অস্বীকার করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী।

ইউরোপীয় ফার্মগুলো সম্পর্কে বিএনডি ওয়াশিংটনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করেছে। ফার্মগুলো বাণিজ্য নিষেধাজ্ঞা ভঙ্গ করছে কিনা তা দেখাই ছিল এর উদ্দেশ্য।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানি কিংবা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে নজরদারি কর্মসূচির লক্ষ্য করেনি বিএনডি। কারণ, ২০০২ সালে সই হওয়া বিএনডি-এনএসএ চুক্তির আওতায় তারা ছিলেন সুরক্ষিত।

তবে এনএসএ যে ২০০৮ সালের শুরুর দিকে ইউরোপীয় অস্ত্র ব্যবসার ওপর গুপ্তচরবৃত্তি করেছে তা জানত জার্মান সরকার। বিএনডি’র কার্যক্রমে জার্মান সরকার কিছু ত্রুটি-বিচ্যুতি খুঁজে পেয়েছে বলে জানিয়েছে জার্মান টিভি।