রাহুল গান্ধী গো-মাংস খাওয়াতেই ভূমিকম্প নেপালে!
ভারতে কংগ্রেস পার্টির সহ-সভাপতি রাহুল গান্ধীর গো-মাংস খেয়ে কেদারনাথ মন্দিরে যাওয়ার সঙ্গে নেপালে ভূমিকম্পের যোগসূত্র দাঁড় করিয়েছেনভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি সাক্ষী মহারাজ।
“রাহুল গান্ধী অশুদ্ধ অবস্থায় কেদারনাথ মন্দিরে প্রবেশ করেছেন বলেই নেপালে ভূমিকম্প হয়েছে,” উদ্ভট মন্তব্য করে আগেও অনেকবার বিতর্কের জন্ম দেয়া সাক্ষী মহারাজ এবার এ মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন।
গত শনিবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল। নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
এ ব্যাপারে হরিদ্বারে সাংবাদিকদের মহারাজ বলেন, “রাহুল গান্ধী গরুর মাংস খেয়ে কোনরকম শুদ্ধিকরণ ছাড়াই কেদারনাথের পবিত্র মন্দিরে প্রবেশ করেছেন। এ কারণেই ভূমিকম্প হয়েছে।”
ভারতের পত্রিকা ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ওই সময় বিশ্ব হিন্দু পরিষদের নেতা সাধভি প্রাচীও সেখানে উপস্থিত ছিলেন।
সম্প্রতি কেদারনাথ মন্দির ভ্রমণ করেন রাহুল গান্ধী। তাকে নিয়ে মহারাজের ওই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস নেতারা।
তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রধান অমিত শাহ এর কাছে মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব বলেন, “এ ধরনের মন্তব্য করে সাক্ষী মহারাজ শুধু ভগবান কেদারনাথের ভক্তদেরই ‘কলঙ্কিত’ করেননি বরং তিনি এতবড় দুর্যোগের শিকার অসহায় ওই মানুষগুলোকেও ‘অপমান’ করেছেন।”
“যদি প্রধানমন্ত্রী ও অমিত শাহ এ ধরনের উগ্র রাজনীতি চিরদিনের মত বন্ধ করেন তবে সেটাই ভাল হবে। আমরা প্রধানমন্ত্রী ও অমিত শাহের কাছে সাক্ষী মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।”
