বাল্টিমোরে কারফিউ
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে এক সপ্তাহের কারফিউ জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে হাজার হাজার দাঙ্গা পুলিশ ও ন্যাশনাল গার্ড।
পুলিশের বর্বরতায় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে ফেটে পড়ায় সহিংস দাঙ্গার মুখে এ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশি হেফাজতে আহত কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সহিংস-বিক্ষোভ হয়েছে। ১৯ এপ্রিলে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রে পুলিশী হেফাজতে মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই বাল্টিমোরে বিক্ষোভ হচ্ছে।
ফ্রেডি গ্রের শেষকৃত্য হয় গত সোমবার। এর কয়েক ঘণ্টা পর থেকে বাল্টিমোরে ব্যাপক সহিংসতা শুরু হয়। সোমবার শতাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।ভাঙচুর ও আগুন দেওয়া হয় বেশ কয়েকটি ভবনে।
মঙ্গলবার রাতভর সহিংসতার পর জরুরি অবস্থা ঘোষণা করে জারি করা হয় কারফিউ। সপ্তাহজুড়ে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ চলবে।
বাল্টিমোরে জরুরি অবস্থার মধ্যেও সহিংসতা চলার খবর পাওয়া গেলেও কারফিউ শুরুর ২ ঘন্টা পর শহরটির পুলিশ কমিশনার এন্থনি বাটস বলেছেন, কারফিউয়ে কাজ হচ্ছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্রেপ্তার হয়েছে মাত্র ১০ জন। বিক্ষুব্ধ কয়েকজন পুলিশের দিকে বোতল এবং গ্যাস সিলিন্ডার ছুড়ে মারলেও বড় কোনো সংঘর্ষ ঘটেনি।
১৯৬৮ সালের পর অস্থিরতা থামাতে বাল্টিমোরে এই প্রথম মোতায়েন হয়েছে ন্যাশনাল গার্ড বাহিনী। ১৯৬৮ সালে অজ্ঞাত ব্যক্তির গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং নিহত হওয়ার পর দাঙ্গা ঠেকাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।
এবার লুথার কিং এর সময়ের চেয়েও বড় দাঙ্গা শুরু হয়েছে বাল্টিমোরে। গত সোমবার শতাধিক গাড়ি পুড়িয়ে দেয়া ছাড়াও ভাঙচুর ও আগুন দেয়া হয় বেশ কয়েকটি ভবনে। শহরের পশ্চিম অংশের বেশির ভাগ এলাকার বহু দোকানপাটে ভাঙচুর, লুটপাট হয়েছে।
এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১৫ সদস্য আহত হয়। সহিংসতায় জড়িত সন্দেহে অন্তত ২০০ জন গ্রেপ্তার হয়। এরপর মঙ্গলবার শহরের নেতৃস্থানীয়রা জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।
এদিন প্রেসিডেন্ট বারাক ওবামাও দাঙ্গাকারীদের তৎপরতাকে ‘কান্ডজ্ঞানহীন সহিংসতা এবং ধ্বংসযজ্ঞ’ বলে নিন্দা করেন। তবে বাল্টিমোরের ঘটনা নতুন নয় উল্লেখ করে ওবামা আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে পুলিশের শক্তি ব্যবহারের বিষয়টিকেও দীর্ঘদিনের একটি চলমান সমস্যা আখ্যা দেন।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আফ্রিকান বংশোদ্ভূত ফ্রেডি গ্রে (২৫) মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়ে এক সপ্তাহ কোমায় থেকে মারা যান। এ ঘটনায় জড়িত ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্তও হয়েছে। এ সপ্তাহের শেষদিকে ঘটনাটির একটি অন্তর্নিহিত পর্যালোচনা প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
