২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের ৮০ ঘন্টা পর জীবিত উদ্ধার 

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের রাজধানী কাঠমাণ্ডুর একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তুপে আটকে পড়া এক ব্যক্তিকে প্রায় ৮০ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2015, 09:42 AM

Updated : 25 Apr 2022, 01:18 PM

মঙ্গলবার নেপালি-ফরাসি উদ্ধারকারী দল ওই ধ্বংসস্তুপ থেকে ২৮ বছর বয়সী ঋষি খানালকে উদ্ধার করে। 
 
শনিবার ভূমিকম্পের পর থেকে ধসে পড়া অ্যাপার্টমেন্টটির এক কক্ষে আটকা পড়েছিলেন তিনি। ওইদিন দুপুরের ঠিক আগ মূহুর্তে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রায় ৪,৬০০ মানুষ নিহত হয়। 
 
আটকে পড়ার পর থেকে পরবর্তী প্রায় ৮০ ঘন্টায় ঋষি কোনো খাবার ও পানি পাননি। ওই কক্ষে তার সঙ্গে আরও তিন ব্যক্তির মৃতদেহ ছিল। 
 
আহত ঋষিকে পরীক্ষাকারী চিকিৎসক অখিলেশ শ্রেষ্ঠা বলেছেন, “মনে হচ্ছে তীব্র ইচ্ছাশক্তির জোরেই সে বেঁচে আছে।”
 
ভূমিকম্পের সময় সাততলা ওই ভবনটির তিনতলায় ছিলেন ঋষি। ভবনটির নীচের তলাগুলো ধসে পড়লেও উপরের তলাগুলো অক্ষত ছিল। নীচ থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন ঋষি।
 
তার আওয়াজ পেয়ে ও নেপালি ভাষায় করা প্রশ্নের উত্তর অনুসরণ করে উদ্ধারকারী দল উপরের তলাগুলোতে ছিদ্র করে ঋষিকে বের করে আনে। এই অভিযানে পাঁচ ঘন্টা সময় লাগে। 
 
চিকিৎসকদের ধারণা, তার একটি পা সম্ভবত ভেঙে গেছে।